
বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, দেশে লবণের পর্যাপ্ত মজুদ রয়েছে, কিন্তু অপপ্রচার চালিয়ে অসাধু ব্যবসায়ীরা সুযোগ নিচ্ছে। এ বিষয়ে ব্যবস্থা নেয়ার নির্দেশ দেয়া হয়েছে। মঙ্গলবার সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে পেঁয়াজের বর্তমান পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। এ সময় বাণিজ্য সচিব ড. জাফর উদ্দিনসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
লবণের দাম বৃদ্ধির বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, একটা গুজব ছড়িয়ে লবণের বিষয়ে ব্যবসায়ীরা অবাস্তব সুযোগ নিচ্ছে। এ বিষয়ে আমি খবর নিয়েছি। লবণ চাষীদের সুবিধার্থে সরকার আমদানি বন্ধ রেখেছে। তারপরেও লবণের দাম বাড়ার কোনো কারণ নেই।
অপপ্রচারের কারণে কিছু জায়গায় লবণের দাম বেড়েছে। দামবৃদ্ধির জন্য সাংবাদিকদেরও দায় রয়েছে বলে মন্তব্য করেন বাণিজ্যমন্ত্রী। এ সময় আগামী বছর কোরবানির সব কাঁচা চামড়া সরকার কিনে নেবে বলেও জানান বাণিজ্যমন্ত্রী।
এদিকে শিল্প মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, দেশে লবণের পর্যাপ্ত মজুদ রয়েছে। দেশে বর্তমানে সাড়ে ৬ লাখ মেট্রিক টনেরও বেশি ভোজ্য লবণ মজুদ রয়েছে। এর মধ্যে কক্সবাজার ও চট্টগ্রামের লবণ চাষিদের কাছে ৪ লাখ ৫ হাজার মেট্রিক টন এবং বিভিন্ন লবণ মিলের গুদামে ২ লাখ ৪৫ হাজার মেট্রিক টন লবণ মজুদ রয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, একটি স্বার্থান্বেষী মহল লবণের সংকটের গুজব ছড়িয়ে অধিক মুনাফা লাভের আশায় লবণের দাম অস্থিতিশীল করার অপচেষ্টা চালাচ্ছে। এ ধরনের গুজবে বিভ্রান্ত না হওয়ার জন্য শিল্প মন্ত্রণালয় সবার দৃষ্টি আকর্ষণ করেছে।
প্রসঙ্গত, লবণ সংকটের গুজব ছড়িয়ে দেশের বিভিন্ন স্থানে হঠাৎ করে দাম বেড়ে যায়। কোথাও কোথাও একশ’ টাকা কেজি দরে লবণ বিক্রি হচ্ছে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho