
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কয়েকজন নেতাকে বৃহস্পতিবার ৮ সপ্তাহের আগাম জামিন দিয়েছে হাইকোর্ট। পুলিশের কাজে বাধাদান, গাড়ি ভাঙচুরের অভিযোগের মামলায় তাদের জামিন হয়।
বৃহস্পতিবার বিকালে তারা হাজির হয়ে জামিনের আবেদন জানালে বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম ও বিচারপতি মো. রিয়াজ উদ্দিন খানের হাইকোর্ট বেঞ্চ এ জামিন দেয়। ফখরুল ছাড়া এ মামলায় জামিন পেয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও গয়েশ্বর চন্দ্র রায় এবং আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল।
তদের পক্ষে শুনানিতে ছিলেন অ্যাডভোকেট জয়নুল আবেদীন ও অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন। তাদের সহযোগিতা করেন অ্যাডভোকেট সগীর হোসেন লিওন। পরে সগীর হোসেন লিওন জানান, বিএনপির চার নেতাকে আট সপ্তাহের আগাম জামিন দিয়েছে হাইকোর্ট এবং আট সপ্তাহ পরে তাদের ঢাকার সেশন জজ আদালতে আত্মসমর্পণ করতে বলা হয়েছে।
তিনি আরো জানান, মোট ছয়জনের জামিনের আবেদন করা হয়েছিল। তাদের মধ্যে বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদকে পুলিশ গ্রেপ্তার করেছে এবং হাবীব উন নবী খান সোহেল হাইকোর্টে হাজির হতে পারেননি। তাই তাদের আবেদনের শুনানি হয়নি। তবে মেজর হাফিজ ও খায়রুল কবির খোকন নিম্ন আদালতে বৃহস্পতিবার একই মামলায় জামিন পান।
রাজধানীতে হাইকোর্টের সামনে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের মঙ্গলবারের সংঘর্ষের ঘটনায় ওইদিন রাতেই দলটির ৫০০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করে পুলিশ।
শাহবাগ থানার এসআই মতিউর রহমান ২০-২৫ জনের নাম উল্লেখ করে এবং ৪৭৫ জনকে অজ্ঞাত আসামি করে মামলাটি করেছেন বলে থানার পরিদর্শক আরিফুর রহমান জানিয়েছেন।
কারাবন্দী চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে মঙ্গলবার হাইকোর্টের সামনে বিএনপির নেতাকর্মীদের বিক্ষোভের সময় সংঘর্ষের ঘটনায় পুলিশের দুই সদস্য আহত হন। এসময় বেশ কয়েকটি গাড়িও ভাঙচুর করে বিএনপির কর্মীরা।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho