
গুলশানে হলি আর্টিজানে জঙ্গি হামলা মামলার বহুল আলোচিত রায়ে সন্তোষ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ভবিষ্যতে যাতে এ ধরনের জঙ্গি হামলা আর না হতে পারে সে জন্য সরকারের উদ্যোগে সব দলকে সঙ্গে নিয়ে জঙ্গিবাদবিরোধী ‘জাতীয় ঐক্যের’ দাবি জানিয়েছেন তিনি।
শুক্রবার জাতীয় প্রেসক্লাবে এগ্রিকালচারিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এ্যাব) আয়োজিত এক আলোচনা সভা ও দোয়া মাহফিলে তিনি এ দাবির কথা জানান।
কৃষিবিদ ইনস্টিটিউশনের সাবেক মহাসচিব জাবেদ ইকবাল স্মরণে অনুষ্ঠিত সভায় মির্জা ফখরুল বলেন, হলি আর্টিজানের রায়ে আমরা সন্তুষ্ট এ জন্য যে, এ রায়ে ভয়ংকর ও ভয়াবহ হয়ে ওঠা জঙ্গিবাদ, যা মানব সভ্যতাকে ধ্বংস করে দিচ্ছে, তার বিরুদ্ধে একটা রায় হয়েছে। সেই রায়কে আমরা স্বাগত জানাই।
তিনি বলেন, ভবিষ্যতে যাতে এ ঘটনা না না ঘটে সে জন্য সবাইকে সচেতন থাকতে হবে। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়। এই ঘটনা ঘটানোর সুযোগ থাকে কোথায় ? তখনই সুযোগ সৃষ্টি হয় যখন মানুষ কথা বলতে পারে না, যখন মানুষ তার গণতান্ত্রিক অধিকার হারায়, যখন মানুষ তার ব্যথা-বেদনা, আক্ষেপ ও ক্ষোভ প্রকাশ করতে পারে না। আজকে আওয়ামী লীগ সরকার ১০-১২ বছর ধরে দেশে এ অবস্থাই তৈরি করে রেখেছে।
সরকারি চাকরি পাওয়ার ক্ষেত্রে সরকার যে প্রক্রিয়া অনুসরণ করে তার সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, ‘এখন ডিএনএ টেস্ট করে সরকারি চাকরিতে নিয়োগ দেওয়া হয়। কী সেই টেস্ট ? টেস্ট এটুকুই, প্রার্থীর গায়ে বিএনপি ও জাতীয়তাবাদের কোনো গন্ধ আছে কি না। হাসছেন আপনারা ? এ ঘটনাগুলো আপনারা সবাই জানেন। এ জন্য আমাদের সবাইকে রুখে দাঁড়াতে হবে। ১৯৭১ সালে আমরা যে চেতনা নিয়ে স্বাধীনতাযুদ্ধ করেছিলাম, সেই চেতনা ছিল গণতন্ত্র। সেই গণতন্ত্রকে এ সরকার ধ্বংস করেছে’।
আয়োজক সংগঠনের আহ্বায়ক কৃষিবিদ রাশীদুল হাসান হারুনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মণ্ডলীর সদস্য কবি আবদুল হাই শিকদার ও যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho