যশোর ব্যুরো ।।
যশোরের মণিরামপুরে এক স্বাস্থ্যকর্মী করোনা আক্রান্ত হয়েছেন। রোববার (১২এপ্রিল) বিকেলে ইউএনও আহসান উল্লাহ শরিফী এই তথ্য নিশ্চিত করেছেন।
ওই স্বাস্থ্যকর্মী মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পিছনে একটি বাড়ির ভাড়াটিয়া। তিনি ঝাঁপা ইউনিয়নে কর্মরত। বর্তমানে তিনি মুজগুন্নী গ্রামে শ্বশুর বাড়িতে রয়েছেন।করোনা সনাক্ত হওয়ায় সেই ভাড়াবাড়ি, মশ্মিমনগরে তার নিজের বাড়ি এবং শ্বশুর বাড়ি লকডাউনের সিদ্ধান্ত চলছে বলে উপজেলা স্বাস্থ্য পরিদর্শক আব্দুল মজিদ জানিয়েছেন।
মণিরামপুর হাসপাতালের মেডিকেল টেকনোলজিস্ট (ল্যাব) আনিসুজ্জামান জানান, এই পর্যন্ত মণিরামপুর হাসপাতাল থেকে ১১ জনের নমুনা সংগ্রহ করে সিভিল সার্জন অফিসের মাধ্যমে খুলনায় পাঠানো হয়েছে। তারমধ্যে একজনের রিপোর্ট পজেটিভ এসেছে। আক্রান্ত ব্যক্তি একজন স্বাস্থ্যকর্মী।
আনিসুজ্জামান অভিযোগ করে বলেন, মণিরামপুর হাসপাতালে পিপিই এবং এন-৯৫ মাস্ক সরবরাহ রয়েছে। আমরা দুইজন ল্যাবে নমুনা সংগ্রহের কাজ করি। কিন্তু আমাদেরকে মাত্র একটি পিপিই দেওয়া হয়েছে। এছাড়া কোন এন-৯৫ মাস্ক দেননি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শুভ্রা রানী দেবনাথ। বিষয়টি তাকে জানানো হলেও তিনি মাস্ক দেননি। বরং চাকরির হুমকি দিয়েছেন। আমরা নিরাপত্তাহীনতার মধ্য দিয়ে কাজ করছি।
মণিরামপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শুভ্রা রানী দেবনাথ বলেন, মণিরামপুর হাসপাতাল থেকে সন্দেহভাজন ১১ জনের নমুনা সংগ্রহ করে খুলনায় পাঠানো হয়েছিল। তারমধ্যে একজনের রিপোর্ট পজেটিভ এসেছে। তিনি আমাদের স্বাস্থ্য কর্মী।
শুভ্রা রানী দেবনাথ আরো বলেন, যশোর থেকে অ্যাম্বুলেন্স আসছে। তাকে সিভিল সার্জন অফিসে পাঠানো হচ্ছে। সেখান থেকে তার চিকিৎসার বিষয়টি সিদ্ধান্ত হবে। মেডিকেল টেকনোলজিস্ট (ল্যাব) আনিসুজ্জামানের অভিযোগ সত্য নয় বলে জানান তিনি।
মণিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আহসান উল্লাহ শরিফী বলেন, ওই স্বাস্থ্যকর্মী যাদের সাথে মিশেছেন সেই ব্যাপারে খোঁজ নেওয়া হচ্ছে। প্রাথমিকভাবে ওই স্বাস্থ্যকর্মীর বাড়ি লকডাউন করা হবে।
যশোরের সিভিল সার্জন শেখ আবু শাহীন জানান, যশোর জেলায় মোট ১০১ জনের নমুনা সংগ্রহ করে খুলনায় পাঠানো হয়েছে। তারমধ্যে ৩২ জনের নেগেটিভ রিপোর্ট এসেছে এবং মৌখিক ভাবে খুলনা থেকে জানানো হয়েছে একজনের পজেটিভ রিপোর্ট এসেছে, আক্রান্ত ব্যক্তি একজন স্বাস্থ্যকর্মী। তাকে সিভিল সার্জন অফিসে আনা হচ্ছে। সেখান থেকে তার চিকিৎসার বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত হবে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho