প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ৫, ২০২৬, ৭:২৯ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ২১, ২০২৩, ৩:০৫ পি.এম

ঈদের দিনে থাকে নানা খাবারের আয়োজন। বিশেষ করে কোরবানির ঈদে গরু ও খাসির মাংস দিয়ে রান্না হয় ভিন্ন ভিন্ন আইটেম। এমন কিছু ভিন্নধর্মী ঈদের রেসিপি নিয়ে আজকের হেঁশেল। রেসিপি দিয়েছেন রন্ধনশিল্পী ফারজানা আহাম্মেদ
আফগানি মাটন বিরিয়ানি যা যা লাগবে : খাসির মাংস ১ কেজি, বাসমতী চাল ৫০০ গ্রাম, তেজপাতা ১টি, সবুজ এলাচ ৮টি, কালো এলাচ ৬টি, কালো গোলমরিচ গুঁড়া ১ টেবিল চামচ, দারচিনি ৩টি, শাহি জিরা ১ টেবিল চামচ, লং ৮টি, তেল ১৫০ মিলি, পেঁয়াজ কুচি ৫টি, লবণ পরিমাণমতো, আদা বাটা ২ টেবিল চামচ ও রসুন বাটা ২ টেবিল চামচ।
যেভাবে তৈরি করবেন : একটি পাত্রে ঘি দিয়ে গাজর, বাদাম ও কিশমিশ ভেজে তুলে রাখুন। এবার পেঁয়াজ বাদামি করে ভেজে তার মধ্যে মাংস দিয়ে ভালোভাবে ভেজে নিন। গরম মসলাগুলো গুঁড়া করে অর্ধেকটা মসলা মাংসে দিয়ে মিশিয়ে নিন। আদা, রসুন বাটা ও লবণ দিয়ে মাংস কিছুক্ষণ কষাতে হবে। তারপর ২ কাপ পানি দিয়ে ঢেকে মাঝারি আঁচে রান্না করুন সিদ্ধ না হওয়া পর্যন্ত। ৪০ মিনিট পর সিদ্ধ না হলে অল্প পানি দিয়ে ঢেকে দিন। বাসমতী চাল ধুয়ে ১৫ মিনিট ভিজিয়ে ছেঁকে নিতে হবে। একটি পাত্রে পানি ফুটিয়ে চাল দিয়ে ৭০ ভাগ রান্না হলে ভাত ছেঁকে মাংসের ওপর ছড়িয়ে দিন। তার ওপর বাকি গরম মসলা ছিটিয়ে দিন। পাত্রের ওপরে ফয়েল পেপার দিয়ে আটকে ঢাকনা দিয়ে দিন। এরপর চুলায় একটি তাওয়া দিয়ে পাত্রটি দিয়ে ২০ মিনিটের জন্যে মৃদু আঁচে বন্ধ করে দমে রাখুন। পছন্দমতো পাত্রে ভাজা কিশমিশ, বাদাম ও গাজর দিয়ে সাজিয়ে গরম গরম পরিবেশন করুন।
অরেঞ্জ বিফ
যা যা লাগবে : গরুর মাংস ৪৫০ গ্রাম, পানি ১ টেবিল চামচ, চিনি ১ টেবিল চামচ, ভিনিগার ২ টেবিল চামচ, চিকেন পাউডার ১ চা-চামচ, সাদা গোলমরিচ গুঁড়া ১/৪ চা-চামচ, তিলের তেল ১/৪ চা-চামচ, সয়াসস ১ টেবিল চামচ, কমলার রস ১ কাপ, টমেটো সস ১ টেবিল চামচ ও ডিম ১টি।
যেভাবে তৈরি করবেন : হাড়-চর্বি ছাড়া মাংস লম্বা করে কেটে নিতে হবে। ওয়েস্টার সস দিয়ে মাংস মেরিনেট করে রাখুন। একটি পাত্রে পানি নিয়ে চিনি, সাদা ভিনিগার, চিকেন পাউডার, গোলমরিচ গুঁড়া, তিলের তেল, সয়াসস, কমলার রস, টমেটো সস একসঙ্গে মিশিয়ে রাখুন। মেরিনেটেড মাংসে ডিম ভেঙে মিশিয়ে কর্নফ্লাওয়ার মাখিয়ে নিতে হবে। ডুবু তেলে মাংসগুলো মাঝারি আঁচে ভেজে নিন। অন্য একটি প্যানে তেল দিয়ে রসুন কুচি ভেজে সসের মিশ্রণ দিয়ে উচ্চ তাপে জ্বাল দিতে হবে। ভাজা মাংসগুলো সসে দিয়ে কিছুক্ষণ জ্বাল দিয়ে নামিয়ে গরম গরম পরিবেশন করুন।
বিফ সিজলিং
যা যা লাগবে : সিজলিং সস বানানোর জন্য : টমেটো সস ৩ টেবিল চামচ, চিলি সস ২ টেবিল চামচ, সয়াসস ১ টেবিল চামচ, ওয়েস্টার সস ১ চা-চামচ ও সাদা ভিনিগার ১ চা-চামচ। মেরিনেট করার জন্য : গরুর মাংস দেড় কাপ, আদা বাটা ১ চা-চামচ, রসুন বাটা ১ চা-চামচ, কালো গোলমরিচ আধা চা-চামচ, লবণ পরিমাণমতো ও মরিচ গুঁড়া আধা চা-চামচ। সিজলিং বানানোর জন্য : সয়াবিন তেল ৩ টেবিল চামচ, ক্যাপসিকাম (৩ রঙের) ১ কাপ, গাজর ১টি, পেঁয়াজপাতা পরিমাণমতো, রসুন কুচি ২ চা-চামচ, পেঁয়াজ (রিং করে কাটা) আধা কাপ, শুকনা মরিচ ক্রাশ, কাঁচা মরিচ ২টি, বাটার ১ টেবিল চামচ, কর্নফ্লাওয়ার ২ টেবিল চামচ, ডিম ১টি ও চিনি সামান্য।
যেভাবে তৈরি করবেন : প্রথমে গরুর মাংসের সঙ্গে মেরিনেট করার সব উপকরণ মিশিয়ে রেখে দিন ১ ঘণ্টা। মেরিনেট হয়ে গেলে কর্নফ্লাওয়ার ও ডিম মাংসে মেখে ডুবো তেলে ভেজে নিন। একটি পাত্রে টমেটো সস, চিলিসস, সয়াসস, ওয়েস্টার সস, কালো গোলমরিচ গুঁড়া, লবণ, চিনি ও ভিনিগার মিশিয়ে নিন। অন্য একটি পাত্রে উচ্চ তাপে বাটার দিয়ে রসুন ভেজে বাদামি করে নিতে হবে। এর মধ্যে কাঁচা মরিচ ও পেঁয়াজ কুচি দিয়ে গাজর, ক্যাপসিকাম হালকা ভেজে নিতে হবে। এরপর মাংস দিয়ে ওপর দিয়ে মিশ্রিত সস দিন এবং সামান্য লবণ দিন। ২ মিনিট নেড়ে নামিয়ে নিন। বেশি ভাজলে স্বাদ নষ্ট হয়ে যাবে। সিজলিং প্যান চুলার ওপর রেখে ১০ মিনিট গরম করে নিন। এতে বাটার দিয়ে পেঁয়াজ রিং দিয়ে তার ওপর সস মাখানো মাংসটা ঢেলে পরিবেশন করুন সুস্বাদু বিফ সিজলিং।
বিফ ক্যাশুনাট সালাদ
যা যা লাগবে : মাংস রান্নার জন্য : গরুর মাংস ২৫০ গ্রাম, ক্যাপসিকাম (২ রঙের) ১ কাপ, গাজর ১টি, কাজুবাদাম ১০০ গ্রাম, লাল মরিচের গুঁড়া ১ চা-চামচ, কালো গোলমরিচ গুঁড়া আধা চা-চামচ, লবণ পরিমাণমতো, রসুন বাটা আধা চা-চামচ, আদা বাটা আধা চা-চামচ, সয়াসস ২ চা-চামচ, লেবুর রস ২ চা-চামচ, ডিম ১টি ও কর্নফ্লাওয়ার ৩ টেবিল চামচ। সালাদ ড্রেসিংয়ের জন্য : টমেটো সস ৩ টেবিল চামচ, চিলি সস ২ টেবিল চামচ, সয়াসস ১ টেবিল চামচ, কালো গোলমরিচ আধা চা-চামচ, লেবুর রস সামান্য, লবণ পরিমাণমতো ও চিনি সামান্য।
যেভাবে তৈরি করবেন : মাংসে আদা, রসুন, সয়াসস, মরিচ, গোলমরিচ গুঁড়া, লেবুর রস ও লবণ মেখে ২ ঘণ্টা মেরিনেট করে নিন। ২ ঘণ্টা পর ডিম ও কর্নফ্লাওয়ার দিয়ে ভালোভাবে মেখে নিন। বাদামগুলো ভেজে হালকা বাদামি রঙ করে নিন। ওই তেলে মাংসগুলো ভেজে উঠিয়ে রাখুন। ক্যাপসিকাম, টমেটো ও গাজর লম্বা করে কেটে তেলে হালকা ভেজে উঠিয়ে নিন। সালাদ ড্রেসিংয়ের জন্য রাখা সব উপকরণ মিশিয়ে নিন। এবার একটি বাটিতে মাংস, ভাজা বাদাম ও সালাদ ড্রেসিং দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে। ইচ্ছেমতো সাজিয়ে পরিবেশন করুন মজার স্বাদের বিফ ক্যাশুনাট সালাদ।
বোরহানি
যা যা লাগবে : দই ১ কেজি, পানি ১ কাপ, ধনিয়া গুঁড়া দেড় টেবিল চামচ, জিরা গুঁড়া দেড় টেবিল চামচ, সরিষা ১ টেবিল চামচ, হলুদ ১ টেবিল চামচ, সাদা গোলমরিচ গুঁড়া ১ টেবিল চামচ, বিট লবণ ১ টেবিল চামচ, লবণ পরিমাণমতো, চিনি ৩ টেবিল চামচ, ধনেপাতা বাটা ১ টেবিল চামচ, পুদিনাপাতা বাটা ১ টেবিল চামচ, কাঁচা মরিচ বাটা দেড় টেবিল চামচ ও টমেটো সস দেড়
টেবিল চামচ।
যেভাবে তৈরি করবেন : জিরা ও ধনিয়া টেলে গুঁড়া করে নিন। গোল মরিচ ও সরিষা আলাদা গুঁড়া করে নিতে হবে। লবণ, বিটলবণ ও সব গুঁড়া মসলা একটি পাত্রে মিশিয়ে নিন। এক কাপ ঠান্ডা পানিতে ধনেপাতা, পুদিনাপাতা, কাঁচা মরিচ বাটা, টমেটো সস ও গুঁড়া মসলা একসঙ্গে মিশিয়ে ১০ মিনিট রেখে দিতে হবে। টকদই ফেটে নিতে হবে। এখন মসলা মিশ্রিত পানি পাতলা কাপড়ে ছেঁকে দইয়ের সঙ্গে মেশাতে হবে। মিশ্রণ বেশি ঘন মনে হলে আরও দেড় কাপ পানি যোগ করে মিশিয়ে নিন। মেশানোর জন্য হুইস্ক ব্যবহার করতে পারেন। তবে ব্লেন্ডারে মেশানো যাবে না। এরপর ফ্রিজে কিছুক্ষণ রেখে ঠান্ডা করে পরিবেশন করুন সুস্বাদু বোরহানি।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho