
আগস্টের প্রথম দিন সমাবেশ করতে না পেরে নতুন তারিখ ঘোষণা করেছে জামায়াতে ইসলামী। আগামী ৪ আগস্ট, শুক্রবার ঢাকায় সমাবেশ করার ঘোষণা দিয়েছে সংগঠনটি। আজ জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে সমাবেশ করার ঘোষণা দিলেও পুলিশ অনুমতি দেয়নি।
মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচির ঘোষণা দেন ঢাকা মহানগরী উত্তর ও দক্ষিণের পক্ষে দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মো. নূরুল ইসলাম বুলবুল।
‘কিন্তু আমরা বিস্ময়ের সঙ্গে লক্ষ্য করেছি, ডিএমপি কমিশনার আমাদেরকে সমাবেশ না করার জন্য মৌখিকভাবে জানানোর পাশাপাশি ডিএমপির মতিঝিল জোনের উপ-পুলিশ কমিশনার সাংবাদিকদের বলেছেন, জামায়াতকে সমাবেশ করার অনুমতি দেওয়া হয়নি। তারা যদি ডিএমপির সিদ্ধান্ত ভঙ্গ করে সমাবেশ বা জড়ো হওয়ার চেষ্টা করে, তাহলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে’, বলেন মো. নূরুল ইসলাম বুলবুল।
তিনি আরও বলেন, ‘আমরা স্পষ্টভাবে বলতে চাই, রাজনৈতিক সভা, সমাবেশ করার জন্য পুলিশের অনুমতির প্রয়োজন নেই। সভা-সমাবেশ করা সংবিধান স্বীকৃত অধিকার। কিন্তু সরকার জামায়াতে ইসলামীকে অন্যায়ভাবে সাংবিধানিক অধিকার থেকে বঞ্চিত করছে। যা আইনের শাসনের পরিপন্থী ও মৌলিক অধিকারের সুষ্পষ্ট লঙ্ঘন। বারবার সহযোগিতা চাওয়ার পরও সরকার সভা সমাবেশ করতে দিচ্ছে না।’লিখিত বক্তব্যে তিনি আরও বলেন, ‘আমরা বারবার বলে আসছি, আমরা শান্তিপূর্ণ সমাবেশ করতে চাই। আমরা কোনো ধরনের সংঘাত, সংঘর্ষে বিশ্বাসী নই। দীর্ঘ ১০ বছর পর গত ১০ জুন রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে স্বল্প সময়ের নোটিশে সমাবেশ করতে দেয়া হয়েছিল। সেই দিন একটি সুশৃংখল ও শান্তিপূর্ণ ঐতিহাসিক সমাবেশ উপহার দিয়েছিল। এবারও আমরা শান্তিপূর্ণভাবে সমাবেশ করতে চেয়েছি। কিন্তু সরকার আমাদের সমাবেশ করতে না দিয়ে চরম অন্যায় করেছে। আমরা আজকের এই সাংবাদিক সম্মেলনের মাধ্যমে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।’
মো. নূরুল ইসলাম বুলবুল বলেন, ‘এই সরকার স্বাধীন মত প্রকাশের স্বাধীনতায় বিশ্বাস করে না। আমরা স্পষ্ট করে বলতে চাই বাংলাদেশ জামায়াতে ইসলামী জনগণের দাবি আদায়ের আন্দোলন সংগ্রামে বদ্ধপরিকর। আমাদের এই দাবি আজ গণ দাবিতে পরিণত হয়েছে। আমরা জনগণের দাবি আদায় না করে ঘরে ফিরে যাবে না, ইনশাআল্লাহ।’
তিনি আরও বলেন, ‘আজকের কর্মসূচি স্থগিত করে আগামী ৪ আগস্ট, শুক্রবার রাজধানীতে পুনরায় শান্তিপূর্ণ সমাবেশের কর্মসূচি ঘোষণা করছি। আমরা আশা করি পুলিশ প্রশাসন এ ব্যাপারে আমাদের সহযোগিতা প্রদান করবে।’
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho