
যশোরের বেনাপোল পোর্ট থানার ছোট আঁচড়া গ্রামে স্বামী আব্দুস সালামের কুড়ালের আঘাতে তার স্ত্রীর মৃত্যু হয়েছে। নিহতের নাম রেশমা খাতুন। ২৬ আগস্ট দিনগত গভীর রাতে বেনাপোল ছোট আঁচড়া গ্রামে একটি ভাড়া বাড়িতে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে স্বামী পলাতক রয়েছেন। এই দম্পতির তামিম নামে একটি ছেলে ও তামান্না নামে একটি মেয়ে রয়েছে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, নিহত রেশমা সালামের দ্বিতীয় স্ত্রী। এই সংসারে রেশমার একটি ছেলে ও একটি মেয়ে রয়েছে। প্রায় তাদের মধ্যে ঝগড়া বিবাদ হতো। প্রতিদিনের মতো রেশমা তার সন্তানদের নিয়ে ঘুমিয়ে ছিলেন। গভীর রাতে সালাম বাড়ি এসে তার ঘুমন্ত স্ত্রীকে কুড়াল দিয়ে আঘাত করেন। এতে রেশমার মৃত্যু হয়।
এ বিষয়ে বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কামাল হোসেন ভূইয়া বলেন, ‘এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে সংগীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে জানতে পারি সালাম তার স্ত্রী প্রায় প্রায় মারধর করতেন। গেলো রাতে তার ঘুমন্ত স্ত্রীকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে। ময়না তদন্তের জন্য মরদেহ থানায় নিয়ে যাওয়া হয়েছে। পলাতক স্বামী সালামকে আটকের চেষ্টা চলছে।’
বেনাপোল প্রতিনিধি।। 







































