
বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, এসব রদ্দি মার্কা বেঈমান দলছুটরা ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হবেন। কিন্তু এসব রং বদলানো পরজীবী রাজনীতিবিদরা জনগণের সংকেত বার্তা টের পাচ্ছেন না। গতকাল বুধবার বিকালে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
সম্প্রতি বিএনপির বেশ কিছু নেতা নতুন গড়ে ওঠা দলে যোগ দিয়ে নির্বাচনে অংশ নিচ্ছেন। এছাড়া যুগপৎ আন্দোলনে থাকা কল্যাণ পার্টিও যুক্তফ্রন্ট নামে জোট গঠন করে গতকাল নির্বাচনে অংশ নেয়ার ঘোষণা দিয়েছে।
সংবাদ সম্মেলনে রিজভী সরাসরি কোনো দল বা ব্যক্তির নাম উল্লেখ না করে বলেন, যখন দেশের মানুষ মাফিয়া চক্রের শৃঙ্খলে বন্দি, তখন আত্মা বিক্রি করছে কিছু লোক। তারা সামান্য খুদ-কুঁড়ার লোভে বিবেক-বিবেচনাহীনভাবে তামাশার নির্বাচনে অংশ নিচ্ছেন।
রিজভী বলেন, বর্তমান সরকার তথাকথিত কিংস পার্টি, ভুঁইফোড় পার্টি, ড্রিংস পার্টি, ছিন্নমূল পার্টি তৈরি করে তামাশার নির্বাচন মঞ্চস্ত করতে মরিয়া হয়ে উঠেছে। সরকার তার এজেন্সিগুলোকে মাঠে নামিয়েছে তথাকথিত কিংস পার্টি গঠনের জন্য। বিভিন্ন দল থেকে নেতা কিনতে গরুর হাটের মতো দরদাম চলছে। আওয়ামী সরকারের কিংস পার্টিতে যোগ দিতে অনেক নেতাকে চাপ-প্রলোভন-ভয়ভীতি প্রদর্শন করা হচ্ছে বলেও অভিযোগ করেন বিএনপির এই নেতা।
তিনি আরও বলেন, টোপ দিয়ে কাউকে কাউকে ভাগানো হচ্ছে। আবার কেউ কেউ জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে না গিয়ে বিরোধী দলের লেবাসে ফ্যাসিবাদের দোসর হয়ে তথাকথিত এসব কিংস পার্টি, ভুঁইফোড়, ছিন্নমূল পার্টি হালুয়া-রুটির ভাগপ্রাপ্তির আশায় গণভবন-বঙ্গভবনে ছোটাছুটি করছেন।
রিজভী বলেন, সরকার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি হেলমেট বাহিনী নামিয়েছে। সরকারবিরোধী আন্দোলনে সক্রিয় নেতাকর্মীদের বেছে বেছে তাদের বাড়িতে হেলমেট বাহিনী হামলা ভাঙচুর ও লুটপাট চালাচ্ছে। গুপ্ত হামলা, বোমা হামলা চালাচ্ছে। গণতন্ত্রপন্থিদের ধরে নির্যাতন করে পুলিশে দিচ্ছে। আবার আটক বাণিজ্য করছে।
সংবাদ সম্মেলনে বিএনপির এই নেতা বলেন, গত ২৮ অক্টোবর থেকে এ পর্যন্ত সারাদেশে বিএনপির ১৩ হাজারের বেশি নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। বিচারের নামে শেখানো বুলি শিখিয়ে নির্দয় ব্যবহার করা হচ্ছে। তিনি আরও জানান, গত ৪০ দিনে রাজধানীর বিভিন্ন থানায় করা ২৬টি মামলায় বিএনপির ৪১৫ নেতাকর্মীকে সাজা দেয়া হয়েছে।
গায়েবি মামলার পর এখন গায়েবি সাজাও দেয়া হচ্ছে উল্লেখ করে রিজভী বলেন, আগে মৃত ব্যক্তি কবর থেকে উঠে ভোট দিত, আর এখন মৃত ব্যক্তিকে সাজা দেয়া হচ্ছে। বিরোধী দল করলে মরেও শান্তি নেই।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho