
রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বাংলাদেশ প্রসঙ্গে যে বক্তব্য দিয়েছেন তার পাল্টা জবাব দিয়েছে বিএনপি।
আজ শনিবার (২৫ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী দলের পক্ষে জানান, এ ধরনের বক্তব্য বাংলাদেশের গণতন্ত্রকামী মানুষের অনুভূতিতে আঘাত করেছে।
এর আগে গত ২২ নভেম্বর রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (টুইটার) অ্যাকাউন্টে এক বার্তা শেয়ার করেন। পরে বাংলাদেশে রাশিয়ার দূতাবাস তা ফেসবুক পেজে শেয়ার করে। ওই বার্তায় বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস সরকারবিরোধী আখ্যা দেওয়াসহ বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপের অভিযোগও করা হয়।
সেই বক্তব্যের সমালোচনা করে বিবৃতিতে রুহুল কবির কবীর রিজভী বলেন, ‘একটি স্বচ্ছ এবং অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষা ও অবস্থানের সঙ্গে রাশিয়ার মুখপাত্রের বক্তব্য সাংঘর্ষিক। ২০১৪ এবং ২০১৮ সালের প্রহসনমূলক নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ জনগণের ভোটের অধিকার কেড়ে নিয়েছে এবং জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে কলঙ্কিত ইতিহাস তৈরি করেছে। বর্তমান প্রধানমন্ত্রীর নেতৃত্বে সরকারকে রাষ্ট্রক্ষমতায় রেখে বাংলাদেশে কোনো অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয়।’
বিবৃতিতে আরও বলা হয়, শান্তিপূর্ণ ও অহিংস কর্মসূচিগুলোয় জনগণের নৈতিক সমর্থন রয়েছে। বিএনপির সমাবেশ আয়োজনে কোনো বিদেশি কূটনীতিক সহায়তা করেছেন, এমন অনাকাঙ্ক্ষিত ও অনভিপ্রেত অভিযোগ আগে উত্থাপিত হয়নি। এ ধরনের বাস্তবতা-বিবর্জিত বক্তব্য বাংলাদেশের জনগণের গণতন্ত্র পুনরুদ্ধারের আকাঙ্ক্ষার বিরোধী বলে প্রতীয়মান হয়।
রাশিয়া বাংলাদেশের দীর্ঘদিনের বন্ধু উল্লেখ করে রিজভী বলেন, রাশিয়া বাংলাদেশের জনগণের গণতান্ত্রিক মূল্যবোধকে সম্মান করবে বলে এ দেশের মানুষ প্রত্যাশা করে। এ ছাড়া গণ-আকাঙ্ক্ষার বিরুদ্ধে গিয়ে অন্য কোনো রাষ্ট্র, বর্তমান সরকারকে অযাচিত সমর্থন করবে না বলেও বিএনপি মনে করে।
ঢাকা ব্যুরো।। 







































