
উপজেলা নির্বাচনে আওয়ামী লীগ দলীয় প্রতীক না দেওয়ার সিদ্ধান্ত নিয়ে নিজেরাই পরাজয় স্বীকার করে নৌকা ডুবিয়ে দিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান।
মঙ্গলবার (২৩ জানুয়ারি) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে জিয়াউর রহমানের ৮৮তম জন্মবার্ষিকী উপলক্ষে ওলামা দলের আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি শাহ নেসারুল হক।
উপজেলা নির্বাচনে দলীয় প্রতীক তুলে দেওয়া প্রসঙ্গে ড. আবদুল মঈন খান বলেছেন, ‘৭ জানুয়ারির পর সোমবার (২২ জানুয়ারি) আওয়ামী লীগের দ্বিতীয়বার পরাজয় হয়েছে। আওয়ামী লীগ নিজেরা পরাজয় স্বীকার করে নিজেরাই নৌকা ডুবিয়ে দিয়েছে। তারা এখন নৌকা নিয়ে নির্বাচন করবে না। এখানেই তাদের পরাজয় হয়ে গেছে। আওয়ামী লীগের বাড়াবাড়ি এখন ধোপে টিকছে না।’
তিনি আরও বলেন, ‘বিএনপি যে প্রতিবাদ করছে তা হবে নিয়মতান্ত্রিক ও শান্তিপূর্ণ। ভুয়া প্রহসনের নাটক করায় বাংলাদেশের মানুষ আজ সরকারকে প্রত্যাখ্যান করেছে। দেশে-বিদেশে আওয়াজ উঠেছে এখানে সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন হয়নি। ইলেকশনের নামে সিলেকশন হয়েছে। আওয়ামী লীগ বিজয় মিছিল নয়, পরাজয়ের মিছিল করছে।’
মঈন খান বলেন, ‘সংবিধান নয়, সরকারের দুর্নীতি আর লুটপাটের প্রীতি রয়েছে। সংবিধানের দোহাই সরকারের প্রহসনমাত্র। জনগণের শক্তি কামান-গোলা দিয়ে রুখতে পারবে না। এ সরকারকে বিদায় করা হবে।’
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেন, ‘নির্বাচন কেন্দ্র করে বিএনপিকে ভাঙার চেষ্টা করেও সফল হয়নি সরকার, বিএনপি নেতাকর্মীরা হারেনি। জনগণ জেগে উঠেছে তবে বাদ সেধেছে পুলিশ বাহিনী। জীবনমরণ লড়াই করা হবে, এর পরও আওয়ামী লীগকে বাকশাল কায়েম করতে দেওয়া হবে না।’
তিনি আরও বলেন, ‘বিএনপি নেতাকর্মীরা হতাশ নয়, আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের ধমকে বিএনপি ভয় পায় না। অভিনব কারচুপির মাধ্যমে নির্বাচন করা হয়েছে। অচিরেই জনগণকে নিয়ে প্রতিরোধ গড়ে তোলা হবে।’
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho