
রাজনীতিকে রাজনীতি দিয়েই মোকাবিলা করা হবে জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, নির্বাচনে না আসার খেসারত বিএনপিকে অনেক দিন দিতে হবে। নালিশ করাই হচ্ছে তাদের রাজনীতি। আমরা তাদের মত বাড়াবাড়ির রাজনীতি করি না। তবে বেশি বাড়াবাড়ি করলে ছাড় দেয়া হবে না। রাজনীতি করেন, ষড়যন্ত্র করবেন না, সন্ত্রাস করবেন না।
সোমবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে সড়ক পথে নোয়াখালীর নিজ বাড়িতে যাওয়ার পথে ফেনীর দাগনভূঞায় সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।
ওবায়দুল কাদের বলেন, সারা দেশের ন্যায় এ অঞ্চলে যে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে তা ইতোপূর্বে মানুষ কল্পনাও করতে পারেনি। এ উন্নয়নকে মানুষ স্বাগত জানিয়েছে। এ সরকারের সময়ে বাংলাদেশে যে উন্নয়ন হয়েছে বিশেষ করে সড়কপথে যে উন্নয়ন হয়েছে তাতে ফেনীর নাম অনেক সামনে আসবে। ফেনীতে সিক্স লেন ফ্লাইওভার হয়েছে। ৬ লেনের ফ্লাইওভার ঢাকার বাইরে আর কোথাও নেই। আমি একটি সত্য কথা বলি। গতকালকে শবে বরাত গেছে। আমি ৭৫ পরবর্তী সময়ে শেখ হাসিনার মতো ভালো মানুষ দেখিনি। এতো ভালো মানুষ রাজনীতিতে আছেন। এজন্যই এ সরকার এতদিন ক্ষমতায় টিকে রয়েছেন। তিনি মানুষকে ভালো রাখেন, মানুষও তাকে ভালোবাসেন।
আসন্ন উপজেলা নির্বাচনে দলীয় সিদ্ধান্ত তুলে ধরে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, এবার আমরা উপজেলা নির্বাচনে দল থেকে কাউকে মনোনয়ন দিচ্ছি না। নৌকা প্রতীকও দেওয়া হবে না। সবকিছু ওপেন থাকবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবকিছু ওপেন থাকার সেই অভিজ্ঞতা নিতে চান।
ওবায়দুল কাদের বলেন, আমাকে আওয়ামী লীগের তিনবারের সাধারণ সম্পাদক করেছেন। যা স্বাধীনতার পর আর কেউ পারেনি। ১৮ বছর একজন মানুষ মন্ত্রী হিসেবে থাকার ঘটনাও বিরল। এ নজির আর কোথাও পাওয়া যাবে কি না আমি জানি না। বঙ্গবন্ধু কন্যা আমার ওপর আস্থা ও কাজে সন্তুষ্ট হওয়ায় সেই বিরল সৌভাগ্য আমি অর্জন করেছি।
প্রসঙ্গত, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পরে প্রথমবার নোয়াখালীর নিজ নির্বাচনী এলাকায় যাচ্ছেন ওবায়দুল কাদের। এখানে নিজ বাড়িতে আয়োজিত মায়ের মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দেবেন তিনি।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho