
দেশে জঙ্গি দমনে ক্ষমতাসীন সরকারের ভূমিকা তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, ‘দেশে জঙ্গিবাদের যে উত্থান হয়েছিল, সবাইকে সঙ্গে নিয়ে আমরা অল্প দিনের মধ্যে সে সংকট কাটিয়ে উঠেছি।’
বৃহস্পতিবার (২৮ মার্চ) বিকালে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে (আইডিইবি) দ্বীনি সেবা ফাউন্ডেশন আয়োজিত ‘আদর্শ সমাজ গঠনে সামাজিক সংগঠনের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
মুফতি মুহাম্মাদ আবুল বাশার নোমানির সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল, ধর্মমন্ত্রী মো. ফরিদুল হক খান ও সরকারি প্রতিষ্ঠান বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. আবুল কালাম আজাদকে সংবর্ধনা দেওয়া হয়।
তিনি আরও বলেন, ‘ধর্মমন্ত্রী সে সময় আপনাদের নিয়ে কাজ করেছেন। ইসলামে যে মানুষ হত্যার স্থান নেই, এ বিষয়ে তিনি আপনাদের দিয়ে জায়গায় জায়গায় সভা করেছেন। তখন আমরা সবাই এক হয়ে গিয়েছিলাম।’
আসাদুজ্জামান খাঁন বলেন, ‘জঙ্গিবিরোধী অভিযানে আমরা যতগুলো জঙ্গি ধরেছি এর একটাও মাদ্রাসার ছাত্র নয়। তারা সম্ভ্রান্ত পরিবারের ও অন্য ব্যাকগ্রাউন্ডের মানুষ। সে সময় আমরা সব ধর্মের ধর্মগুরুদের নিয়ে প্রতি বিভাগে সভা করলাম। খুব অল্প দিনের মধ্যে আমরা দেশকে সে জায়গা থেকে বাঁচিয়ে এনেছি। এখন পৃথিবীর যেখানে যাই, সবাই বলে তোমরা অসম্ভবকে সম্ভব করেছ।’
মন্ত্রী বলেন, ‘মুসলিমদের যে গৌরবোজ্জ্বল ইতিহাস... জ্ঞানে, বিজ্ঞানে মুসলিমরা ছিল অনন্য। আর আজ আমরা একে অপরের বিরুদ্ধে কুৎসা রটনা করি। আপনারা এখন সেই জায়গাটার কথা বলুন। যাতে আমরা আবার সেই জায়গাটাতে পৌঁছাতে পারি। আমরা সবাই যদি একত্রে থাকি তাহলে আমরা নিশ্চয়ই আমাদের গৌরবোজ্জ্বল ঐতিহ্যকে ফিরিয়ে আনতে পারব।’
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho