
বিএনপি এবং এর সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীকে অবিলম্বে রেমালের আঘাতে ক্ষতিগ্রস্ত এলাকার মানুষদের পাশে দাঁড়ানোর জোর আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
গতকাল দেশের উপকূলীয় এলাকার বিভিন্ন জেলায় প্রবল ঘূর্ণিঝড় রেমালের আঘাতে এ পর্যন্ত প্রাপ্ত তথ্যমতে ১৬ জনের মর্মান্তিক মৃত্যু, ৪০ লাখের কাছাকাছি মানুষ বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত, এক লাখ ৫০ হাজারের অধিক ঘরবাড়ী বিধ্বস্ত, গবাদি পশুসহ অসংখ্য গাছপালার ক্ষয়ক্ষতি এবং দুর্গত এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়ার ঘটনা ঘটেছে। বয়ে যাওয়া ঘূর্ণিঝড়ের ছোবলে হতাহতের ঘটনায় গভীর শোক, দুঃখ ও সহমর্মিতা জ্ঞাপন করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এছাড়া ঘূর্ণিঝড়ে দেশের উপকূলীয় এলাকায় অসংখ্য ঘরবাড়ী ধ্বংস, বিপুল সংখ্যক মানুষ আহত, নিখোঁজ এবং গবাদি পশু, ফসলী জমি ও গাছপালা বিধ্বস্ত হওয়ার ঘটনায় তিনি গভীর উদ্বেগ প্রকাশ করেছেন তিনি।
আজ মঙ্গলবার (২৮ মে) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, ঘূর্ণিঝড় রেমালের আঘাতে এ পর্যন্ত ১৬ জনের প্রাণহানির খবরে দেশবাসীর ন্যায় আমিও গভীরভাবে শোকার্ত ও মর্মাহত হয়েছি। এহেন মর্মান্তিক প্রাকৃতিক দুর্যোগ ও হৃদয়বিদারক ঘটনায় দুঃখ প্রকাশের ভাষা আমার জানা নেই। এদেশের মানুষ প্রাকৃতিক দুর্যোগের সাথে লড়াই করেই টিকে থাকে। যুগযুগ ধরে এদেশের কষ্টসহিষ্ণু মানুষ প্রাকৃতিক দুর্যোগসহ নানা প্রতিকুল পরিস্থিতি মোকাবেলা করে নতুনভাবে সামনের দিকে এগিয়ে গেছে।
মির্জা ফখরুল বলেন, আমি বিশ্বাস করি, সংশ্লিষ্ট অঞ্চলের দুর্যোগ কবলিত মানুষ ব্যথা-বেদনা ও ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠে নব উদ্যমে আবার সবকিছু গড়ে তুলতে সক্ষম হবে। মহান রাব্বুল আলামীনের দরবারে প্রার্থনা করছি-তিনি যেন ঘূর্ণিঝড় কবলিত সহায়-সম্বলহীন ক্ষতিগ্রস্ত মানুষদেরকে কষ্ট সইবার ক্ষমতা দান করেন।
বিএনপি মহাসচিব ঘূর্ণিঝড়ে ১৬ জন মানুষের প্রাণহানির ঘটনায় তাদের বিদেহী আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করেন। তাদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন এবং আহতদের আশু সুস্থতা কামনা করেন। তিনি উপকূলীয় উপদ্রুত অঞ্চলে মানুষের সুচিকিৎসা এবং ঘূর্ণিঝড়ে বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত ৪০ লাখ মানুষকে জরুরি ভিত্তিতে ত্রাণ সামগ্রী বিতরণ, বিধ্বস্ত ঘরবাড়ী নির্মাণসহ দুর্গত মানুষদের সহায়তা দিতে দেশের বিত্তবানসহ সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho