প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ২৮, ২০২৬, ১:১৭ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ২৬, ২০২৬, ৭:০৬ এ.এম
মেক্সিকো থেকে বিশ্বকাপ সরছে না, আশ্বস্ত করলো ফিফা

মেক্সিকোর জালিস্কো অঙ্গরাজ্যে সম্প্রতি সহিংসতার ঘটনায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠলেও ফিফা বিশ্বকাপের ভেন্যু তালিকা থেকে গুয়াদালাহারা বাদ পড়ছে না। জানিয়েছেন জালিস্কোর গভর্নর পাবলো লেমুস। কোনো হোস্ট সিটি প্রত্যাহারের পরিকল্পনা ফিফার নেই বলেও নিশ্চিত করেছে তিনি। মেক্সিকোর পাশে আছেন ফিফা প্রেসিডেন্টও।
মেক্সিকোভিত্তিক মাদক পাচারকারি সংগঠন জালিস্কো নিউ জেনারেশন। যার প্রধান নেতা এল মেনচো। রোববার জালিস্কো অঙ্গরাজ্যের একটি শহরে সেনাবাহিনী ও এল মেনচোর সমর্থকদের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়, নিহত হন কার্টেল প্রধান। এরপরই বিক্ষোভ ছড়িয়ে পড়ে দেশটির অন্তত আটটি রাজ্যে।
মেক্সিকোর যে অঞ্চলে সেনাবাহিনীর সঙ্গে এল মেনচোর সংঘর্ষ হয় সেটা গুয়াদালাহারা থেকে মাত্র দুই ঘন্টার পথ। আসন্ন ফিফা বিশ্বকাপে মেক্সিকোর তিন হোস্ট সিটির একটি গুয়াদালাহারা। প্রশ্ন উঠেছে এ অঞ্চলের নিরাপত্তা নিয়েও।
কার্টেল নেতার মৃত্যুর পর জালিস্কো রাজ্যে সড়ক অবরোধ, অগ্নিসংযোগ ও সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি সামাল দিতে নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয় বিভিন্ন এলাকায়। এমন পরিস্থিতিতে প্রশ্ন ওঠে, ফিফা বিশ্বকাপের আয়োজক শহর হিসেবে গুয়াদালাহারা কি বাদ যাবে? নিরাপত্তা শঙ্কা থাকলেও এমন গুঞ্জন উড়িয়ে দিয়েছেন জালিস্কোর গভর্নর পাবলো লেমুস।
তিনি বলেন, ‘ফিফার মেক্সিকো থেকে কোনো আয়োজক শহর সরিয়ে নেয়ার ইচ্ছা নেই। তিনটি আয়োজক শহরই থাকছে এবং আগামী শনিবার জালিস্কোর অ্যাক্রন স্টেডিয়ামে ফিফা বিশ্বকাপ ট্রফি প্রদর্শন করা হবে।’
মেক্সিকো প্রশাসনকে আশ্বস্ত করেছেন ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো। মেক্সিকান সরকার ও কর্তৃপক্ষের সঙ্গে ফিফা নিয়মিত যোগাযোগ রাখছে এবং পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে বলেও জানান তিনি। ইনফান্তিনো বলেন, ‘মেক্সিকো একটি ঐতিহ্যবাহী দেশ। বিশেষত ফুটবলের ক্ষেত্রে বিশ্বমঞ্চে তাদের উপস্থিতি লক্ষ্যনীয়। বিশ্বের যে কোনো অঞ্চলে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতেই পারে। এ ধরনের পরিস্থিতি মোকাবিলার জন্য একটি দায়িত্বশীল সরকার, কার্যকর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে। যারা শৃঙ্খলা, নিরাপত্তা ও স্থিতিশীলতা নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করছে। আমার এবং ফিফার পক্ষ থেকেও মেক্সিকোর রাষ্ট্রপতির প্রতি পূর্ণ আস্থা ও সমর্থন ব্যক্ত করছি।’
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho