
ইদ্রিস আলী ## টিকাদান কার্যক্রম শুরুর আট দিন পর করোনার টিকা নিয়েছেন বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের ব্যবস্থাপনা পরিচালক নাজমুল হাসান পাপন। টিকা নেয়ার পর তিনি বলেছেন, আগামী ২২ ফেব্রুয়ারি করোনার টিকার দ্বিতীয় চালান আসবে। এই চালানে ২০ থেকে ৩০ লাখ ডোজ আনা হবে।
সোমবার দুপুরে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে টিকা গ্রহণ শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
করোনাভাইরাস প্রতিরোধে সারাদেশে উৎসবমুখর পরিবেশে টিকা প্রয়োগ কার্যক্রম চলছে। প্রথম চালানের ৫০ লাখ এবং ভারত সরকারের উপহারের দেয়া ২০ লাখ ডোজ টিকার মধ্যে গতকাল পর্যন্ত নয় লাখেরও বেশি মানুষকে টিকা দেয়া হয়েছে। এর মধ্যেই করোনার দ্বিতীয় চালান আসার কথা জানালেও নাজমুল হাসান পাপন।
সরকারিভাবে আসার কারণে এখনই বেসরকারিভাবে টিকা আনার কোন পরিকল্পনা নেই জানিয়ে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের ব্যবস্থাপনা পরিচালক বলেন, নিজেদের জন্য বেসরকারি উদ্যোগে টিকার জন্য কোন প্রয়োজনীয়তা নেই। কারণ সবাই ফ্রিতেই টিকা পাচ্ছেন। ফলে এখনই বেসরকারি পর্যায়ে টিকা আসছে না।
এতো সুন্দর ব্যবস্থাপনায় টিকাদান বিশ্বের অনেক উন্নত দেশও দিতে পারছেন না জানিয়ে পাপন সকলকে টিকা নেওয়ার আহ্বান জানান।
করোনাভাইরাসের মহামারির এক বছর পার হয়ে যাওয়ার পর বিশ্বজুড়ে আশা দেখাচ্ছে টিকা। অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা কোভিশিল্ড ভারতের সেরাম ইনস্টিটিউটেও তৈরি হচ্ছে।
এই টিকার তিন কোটি ডোজ কিনতে গত ৫ নভেম্বর সেরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়া ও বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের সঙ্গে চুক্তি করে বাংলাদেশ সরকার। চুক্তি অনুযায়ী, প্রতি মাসে টিকার ৫০ লাখ ডোজ পাঠানোর কথা সেরাম ইনস্টিটিউট।
ভারত সরকারের কাছ থেকে উপহার হিসেবেও বাংলাদেশ সরকার পেয়েছে ২০ লাখ ডোজ টিকা। এই টিকা পাওয়ার পর ২৭ জানুয়ারি টিকাদান কার্যক্রমের উদ্বোধন করা হয়। ২৭ ও ২৮ জানুয়ারি ঢাকায় পরীক্ষামূলক টিকা প্রয়োগ করা হয়। তারপর ৭ ফেব্রুয়ারি টিকাদান শুরু হয় সারা দেশে।
নিজস্ব সংবাদদাতা 







































