
আলহাজ্ব আব্দুল লতিফ:/=
নির্মোহভাবে দায়িত্ব পালনের মাধ্যমে দেশ ও জনগণের কল্যাণে কাজ করার জন্য পুলিশ কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) ড. বেনজীর আহমেদ।
আজ রবিবার (১৪ জুন) দুপুরে পুলিশ হেডকোয়ার্টার্সের সম্মেলন কক্ষ শাপলায় সদ্য পদোন্নতিপ্রাপ্ত ২১ জন অতিরিক্ত পুলিশ সুপারের উদ্দেশ্যে ব্রিফিংকালে এ আহ্বান জানান তিনি।
বেনজীর আহমেদ বলেন, বর্তমান এ দুর্যোগকালে আমরা করোনার বিরুদ্ধে যুদ্ধ করে যাচ্ছি। করোনার বিরুদ্ধে সম্মুখযোদ্ধা হিসেবে লড়াই করছে বাংলাদেশ পুলিশ। এ পর্যন্ত আমাদের ২৪ জন সহকর্মী করোনাযুদ্ধে জীবন উৎসর্গ করেছেন।
বেনজীর আহমেদ আরো বলেন, করোনাকালে বাংলাদেশ পুলিশ নিজ দায়িত্বের চৌহদ্দির বাইরে গিয়ে মানবিক পুলিশ হিসেবে মানুষের পাশে রয়েছে, তাদেরকে সেবা দিয়ে যাচ্ছে। করোনায় মৃত ব্যক্তিকে যখন আপনজনরা ছেড়ে যাচ্ছে, তখন পুলিশ তাদেরকে দাফন করছে, সৎকার করছে। করোনাকালে জনগণকে সেবা দেওয়ার জন্য সাধারণ মানুষের অকুণ্ঠ সমর্থন এবং ভূয়সী প্রশংসা পেয়েছে পুলিশ। এই পাওয়া আমাদের জন্য বিশাল অর্জন। পুলিশের প্রতি মানুষের এ বিশ্বাস, আস্থা ও সম্মান আমাদেরকে করোনা পরবর্তী সময়ও ধরে রাখতে হবে।
আইজিপি বলেন, আমাদের স্বাধীনতার প্রথম প্রহরে ১৯৭১ সালের ২৫ মার্চ কালরাতে শুধুমাত্র থ্রি নট থ্রি রাইফেল দিয়ে পাকহানাদার বাহিনীর আধুনিক অস্ত্রের মোকাবেলা করেছে পুলিশ। এই গর্বিত ইতিহাসকে ধারণ করতে হবে। এই ঐতিহ্যের উত্তরাধিকার হিসেবে বাংলাদেশ পুলিশকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে হবে।
অনুষ্ঠানে অতিরিক্ত আইজি (প্রশাসন) ড. মো. মইনুর রহমান চৌধুরী, অতিরিক্ত আইজি (অর্থ) মো. শাহাব উদ্দীন কোরেশী, অতিরিক্ত আইজি (এইচআরএম) এস এম রুহুল আমিন প্রমুখ উপস্থিত ছিলেন। পরে অন্যান্য কর্মকর্তাদের সঙ্গে নিয়ে পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের র্যাংক ব্যাজ পরিয়ে দেন আইজিপি।
নিজস্ব সংবাদদাতা 







































