
রোকনুজ্জামান রিপন #
ইয়েমেনের রাজধানীতে বিমান হামলা চলিয়েছে সৌদি আরবের নেতৃত্বাধীন জোট। রবিবার (১৩ সেপ্টেম্বর) রাজধানীর সানায় হুতি বিদ্রোহীদের ব্যারাক ও সামরিক স্থাপনা লক্ষ্য করে ভোররাতে এ হামলা চালানো হয় বলে এক প্রতিবেদনে জানায় সৌদি আরবের সংবাদমাধ্যম আল আরাবিয়া।
আল আরাবিয়া আরও জানিয়েছে, জোট বাহিনী সানার উত্তরে আল দেলমি বিমান ঘাঁটিতে হুতিদের আরও চারটি ড্রোন ধ্বংস করেছে। তবে, বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, তাৎক্ষণিকভাবে জোট বাহিনীর পক্ষ থেকে খবরটি নিশ্চিত করা হয়নি।
এর একদিন আগেই, সানার দুটি এলাকায় বিমান হামলা চালিয়েছিল সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট।পাশাপাশি, বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) হুতি বিদ্রোহীদের পক্ষ থেকে দাবি করা হয়েছিল, সৌদি আরবের রাজধানী রিয়াদের কয়েকটি গুরুত্বপূর্ন স্থাপনায় তারা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। ওই হামলার জবাবেই সৌদি জোট সানায় হুতিদের সামরিক অবস্থান লক্ষ্য করে হামলা চালাচ্ছে বলে ধারণা করা হচ্ছে।
অন্যদিকে, এক বছর ধরে সানায় বোমাবর্ষণ থেকে বিরত ছিল সৌদি জোট। সাম্প্রতিক সময়ে সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছে তারা।
নিজস্ব সংবাদদাতা 





































