
আব্দুল লতিফ #
দেশের রাস্তাঘাট নির্মাণে একটি পরিকল্পিত মাস্টারপ্ল্যান করা হচ্ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।বুধবার (২৩ সেপ্টেম্বর) ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ভার্চুয়াল সভা শেষে সংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ‘নতুন রাস্তা করে দেশের ফসলি জমি নষ্ট করে দেওয়া হচ্ছে। ভবিষ্যতে যাতে এ পরিস্থিতিতে পড়তে না হয় সে জন্যই এই পরিকল্পনা।’
প্রকল্পের অস্বাভাবিক ব্যয় বিষয়ে অর্থমন্ত্রী বলেন, ‘প্রকল্পে অস্বাভাবিক ব্যয় হয় এটা আপনি কোথায় পেয়েছেন। গতকাল একনেক সভায় প্রধানমন্ত্রী অন্য একটা বিষয়ে অবজার্ভেশন রেখেছেন, সেটা হচ্ছে আপনারা রাস্তাঘাট তৈরিতে বেশি আগ্রহী। কিন্তু রাস্তাগুলোর গুণগত মান নিশ্চিত করতে হবে। তিনি মানের দিকে নজর দিতে বলেছেন। নতুন রাস্তা করে আপনারা দেশের ফসলি জমি নষ্ট করে দিচ্ছেন।’
অর্থমন্ত্রী বলেন, ‘হয়তো তিন কিলোমিটার সেভ করতে গিয়ে পুরো রাস্তা ফসলি জমি দিয়ে যাচ্ছে। তাই প্রধানমন্ত্রীর বক্তব্যকে আরও অর্থবহ করতে সারা দেশে একটি মাস্টারপ্ল্যান তৈরি করা হবে। বর্তমানে দেশে কী পরিমাণ রাস্তা আছে, আর আগামী ১০, ২০ বা ৫০ বছরে কত রাস্তা করতে হবে তাই এই মাস্টারপ্ল্যানে থাকবে। এ বিষয়ে আজ কমিটির সভা থেকে ঘোষণা দেওয়া হয়েছে।’
জানতে চাইলে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব নাসিমা বেগম বলেন, ‘মাস্টারপ্ল্যান করার জন্য একটি কমিটি করতে বলা হয়েছে। আমরা দেখি কীভাবে কী করা যায়। মন্ত্রিপরিষদ বিভাগ পুরো সরকারের অ্যাক্টিভিটিজগুলো সমন্বয় করে। তাই এটার দায়িত্ব আমাদের ওপর পড়েছে।’
নিজস্ব সংবাদদাতা 







































