
সাজেদুর রহমান #
করোনা মহামারির কারণে আটকে পড়া সৌদি প্রবাসীদের জন্য দুটি বিশেষ ফ্লাইট পরিচালনা করবে বাংলাদেশ বিমান। ১৬ ও ১৭ মার্চের জেদ্দা ও রিয়াদের বিমানের রিটার্ন টিকিটধারী যাত্রীদের জন্য ২৬ সেপ্টেম্বর ঢাকা-জেদ্দা ও ২৭ সেপ্টেম্বর ঢাকা-রিয়াদ যাত্রীবাহী ফ্লাইট পরিচালনা করা হবে।
বুধবার বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
এতে গত ১৬ ও ১৭ মার্চের ফিরতি টিকেটধারী যাত্রীদের এ দুই ফ্লাইটের টিকেট বুকিংয়ের জন্য বিমান সেলস অফিসে বৃহস্পতিবার যোগাযোগের জন্য অনুরোধ করা হয়েছে।
এ সময় তাদের টিকেট, পাসপোর্ট, সৌদি আরব নির্ধারিত অ্যাপস বা ওয়েবলিংক থেকে অনুমোদনসহ যোগাযোগ করতে বলা হয়েছে।এতে আরো বলা হয়, নতুন ফ্লাইট অনুমোদন সাপেক্ষে পর্যায়ক্রমে অন্য যাত্রীদের বুকিং এর জন্যও জানিয়ে দেওয়া হবে। সৌদি আরব যেতে কোভিড-১৯ নেগেটিভ সার্টিফিকেট বাধ্যতামূলক এবং নমুনা সংগ্রহের ৪৮ ঘণ্টার মধ্যে সৌদি আরব পৌঁছাতে হবে উল্লেখ করে বিজ্ঞপ্তিতে যাত্রীদের ঢাকা থেকে কোভিড পরীক্ষার জন্য বলা হয়েছে।
এ ছাড়া বিস্তারিত তথ্য বিমানের ওয়েবসাইটে পাওয়া যাবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।
নিজস্ব সংবাদদাতা 










































