
স্টাফ রিপোর্টার ## আলজাজিরার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের মিশিগানের ফেডারেল আদালতে ৫০০ মিলিয়ন ডলারের মানহানির মামলা করেছেন বাংলাদেশি প্রবাসীরা। এ মামলায় বাদি হয়েছেন দুই প্রতিষ্ঠান ও তিন ব্যক্তি।
গত ২২ ফেব্রুয়ারি মামলাটি যুক্তরাষ্ট্রের মিশিগানের ফেডারেল আদালতে করা হলেও এটি প্রক্রিয়ায় যেতে কিছুটা সময় লাগে।
স্থানীয় সময় মঙ্গলবার সকালে সেটির কার্যক্রম শুরু হয় এবং ডকেটে উঠে। মামলাটি মিশিগান আদালতে কার্যক্রম শুরু হয়েছে।
মানহানির ধারায় মিশিগানের ফেডারেল আদালতে এ মামলা করা হয়েছে। এতে আসামি করা হয়েছে আলজাজিরার ইংরেজি টিভি, আলজাজিরার মিডিয়া নেটওয়ার্ক, কনক সারওয়ার, ইলিয়াস হোসেন, শায়ের জুলকারনাইন সামি, দেলোয়ার হোসেন ও ডেভিড বার্গম্যানকে।
মামলার বাদিরা হলেন, যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদ, এ পরিষদের সভাপতি ড. রাব্বী আলম, যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু কমিশন, এ কমিশনের চেয়ারম্যান কৃষিবিদ শেরে আনাম রাসু, বঙ্গবন্ধু কেন্দ্রীয় কমিশনের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও স্প্যান শাখার সভাপতি রিজভী আলম।
মামলার বাদি ও যুক্তরাষ্ট্রের বঙ্গবন্ধু পরিষদের সভাপতি ড. রাব্বী আলম বলেন, বাংলাদেশে জন্মগ্রহণ করেছি, একজন বাংলাদেশি আমেরিকান হিসেবে সারা বিশ্বে বাংলাদেশের মান-সম্মানকে সমুজ্জ্বল এবং সমুন্নত রাখার জন্য যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদ এবং যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু কমিশন আমরা নিরলস কাজ করছি। সে যে কেউ হোক না কেন- যারা দেশের ভাবমূর্তি লুণ্ঠন করার চেষ্টা করবে এবং জাতির পিতার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার মান-সম্মানকে প্রশ্নবিদ্ধ করবে, তাদেরকে আমরা যুক্তরাষ্ট্রের মাটিতে আইনের ভাষায় জবাব দেব। এ ক্ষেত্রে আমরা কোনো ছাড় দেব না। সেজন্যই আমরা ৫০০ মিলিয়ন ডলারের মানহানির মামলা করেছি।
যুক্তরাষ্ট্রে ক্ষমতায় পালাবদলের পর প্রথম সফরে ২২ ফেব্রুয়ারি দেশটিতে যান পররাষ্ট্রমন্ত্রী মোমেন। পরে গত রবিবার রাতে দেশে ফেরেন তিনি।
নিজস্ব সংবাদদাতা 







































