
আব্দুল লতিফ ## ফিলিস্তিনের কাছ থেকে দখলকৃত ভূমিতে ইসরায়েল যুদ্ধাপরাধ করেছে কি না সে বিষয়ে আনুষ্ঠানিক তদন্ত শুরু করেছে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)।
বুধবার (৩ মার্চ) আইসিসির চিফ প্রসিকিউটর ফাতু বেনসৌদা এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছেন।
২০১৪ সালের গাজায় সহিংসতা চলাকালীন ইসরায়েলি সামরিক বাহিনী, ইসরায়েলি কর্তৃপক্ষ, হামাস এবং ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীগুলোর মাধ্যমে অপরাধ সংঘটিত হয়েছে বলে বিশ্বাস করার ‘যুক্তিসঙ্গত ভিত্তি’ রয়েছে বলে জানান ফাতু বেনসৌদা।
বুধবার (৩ মার্চ) বিবৃতিতে তিনি বলেছেন, ফিলিস্তিনের পরিস্থিতি বিবেচনায় আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রসিকিউটরের কার্যালয়ের তদন্ত শুরুর বিষয়টি আজ নিশ্চিত করছি। তদন্তটি নিরপেক্ষ ও প্রভাবমুক্ত, স্বাধীন, ভয় বা পক্ষপাতহীনভাবে পরিচালিত হবে।
আন্তর্জাতিক অপরাধ আদালতের এই তদন্ত প্রক্রিয়ার তীব্র প্রতিবাদ জানিয়েছে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। আর তিনি বলেছেন, আমরা এই ‘বিকৃত বিচারের’ বিরুদ্ধে সর্বশক্তি দিয়ে লড়াই করবো।
অন্যদিকে ইসরায়েলের মিত্র যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক অপরাধ আদালতের যুদ্ধাপরাধ তদন্ত শুরুতে ‘গভীর উদ্বেগ’ জানিয়েছে। আর যুক্তরাষ্ট্র বলছে, ইসরায়েল আইসিসির সদস্য না হওয়ায় তাদের বিরুদ্ধে তদন্তের এখতিয়ার নেই আন্তর্জাতিক আদালতের।
সূত্র: বিবিসি।
নিজস্ব সংবাদদাতা 







































