
জয়নাল আবেদীন ## আর্জেন্টিনার প্রেসিডেন্টকে বহনকারী একটি মিনিবাসে হামলার ঘটনা ঘটেছে। দেশটির দক্ষিণাঞ্চলীয় পাতাগোনিয়ার চুবুত প্রদেশে দাবানলে ধ্বংস হওয়া এলাকা পরিদর্শনে গিয়ে প্রতিবাদকারীদের তোপের মুখে পড়েন প্রেসিডেন্ট আলবার্তো ফার্নান্দেজ।
বিবিসির খবরে বলা হয়েছে, দাবানলে একজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন। তবে প্রতিবাদকারীরা দাবানলের ক্ষয়ক্ষতির জন্য নয় বরং চুবুতে অবস্থিত একটি উন্মুক্ত খনি প্রকল্প পরিকল্পনার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে প্রেসিডেন্টের ওপর চড়াও হন।
আর্জেন্টিনার সংবাদমাধ্যম ক্লারিনের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, সোনা, রুপা ও ইউরেনিয়াম সমৃদ্ধ চুবুতে বড় বড় প্রকল্পের অনুমোদন দিতে প্রস্তাব এনেছে সরকার। আগে এখানে এমন প্রকল্প থাকলেও মাঝে তা বন্ধ ছিল। নতুন করে খনিতে খনন কাজ চালানোর পরিকল্পনা করছে আর্জেন্টিনা সরকার। এর বিরুদ্ধেই প্রতিবাদে রাস্তায় নেমেছে স্থানীয়রা। ফের এমন পরিকল্পনায় ক্ষিপ্ত তারা।
ঘটনার ভিডিওতে দেখা গেছে, স্থানীয় একটি কমিউনিটি সেন্টারের সামনে বিক্ষোভ করছেন প্রতিবাদকারীরা। এসময় প্রেসিডেন্ট তার গাড়িতে গিয়ে ওঠার পর বিক্ষোভকারীরা গাড়িতে লাথি, ঘুষি মারতে থাকে ও জানালায় পাথর ছোড়ে এবং গাড়িটি আটকানোর চেষ্টা করে। এসময় প্রেসিডেন্টের গাড়ির কয়েকটি জানালা ভেঙে গিয়েছে।
নিজস্ব সংবাদদাতা 







































