
আবু রায়হান জিকো ## অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা উদ্ভাবিত করোনাভাইরাসের টিকার বিষয়ে উদ্বেগ তৈরি হওয়ার পর জনগণকে আশ্বস্ত করতে সবার আগে টিকা নিয়েছেন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী প্রায়ুথ চান ওচা। টিকা দেয়ার পর রক্ত জমাট বাঁধছে এমন আশংকায় কিছুদিন অক্সফোর্ডের টিকাদান স্থগিত রেখেছিল দেশটি। তবে এমন আশংকার সঙ্গে টিকার কোনো যোগসূত্র না পাওয়ায় আবার টিকাদান শুরু করেছে থাই সরকার।
থাইল্যান্ডের প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার অন্যান্য সদস্য শুক্রবার করোনাভাইরাসের টিকা নেন। রক্ত জমাট বাঁধছে এমন আশংকার কারণে ইউরোপের কয়েকটিসহ বিশ্বের কিছু দেশ অক্সফোর্ডের টিকাদান স্থগিত করেছে। তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে এই টিকা নিরাপদ। খবর রয়টার্সের
টিকা নেয়ার আগে থাই প্রধানমন্ত্রী বলেন, ‘আজ আমি সাধারণ মানুষের জন্য আত্মবিশ্বাস বাড়িয়ে দিচ্ছি’। চলতি মাসে ৬৭ বছরে পা দেবেন প্রায়ুথ। টিকা নেয়ার পর তিনি জানান, টিকা নিয়ে আমি ভালো অনুভব করছি।
এর আগে রক্ত জমাট বাঁধার আশংকা করে অক্সফোর্ডের টিকাদন স্থগিত করে থাইল্যান্ড। পরে সোমবার দেশটির স্বাস্থ্যমন্ত্রী বলেন, অনেক দেশ এই টিকা নিয়ে রক্ত জমাট বাঁধার সমস্যা নেই বলার পর টিকাদান ফের শুরুর সিদ্ধান্ত নেয়া হয়েছে।
নিজস্ব সংবাদদাতা 







































