
আন্তর্জাতিক ডেস্ক।।
আফগানিস্তানের রাজধানী কাবুলের নিয়ন্ত্রণ নেওয়ার পর নারীসহ সব সরকারি কর্মকর্তা-কর্মচারীকে ‘সাধারণ ক্ষমা’ ঘোষণা করে তাদের কর্মস্থলে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছে তালেবান।
এনামুল্লাহ সামানগানি প্রতিশ্রুতি দিয়েছেন, সাবেক সরকারি কর্মকর্তারা, সেই সঙ্গে যারা বিদেশি মিলিটারি ও বেসরকারি সংস্থায় কাজ করেছেন তাদের হেনস্থা করা যাবে না।
তালেবানের সাংস্কৃতিক কমিশনের সদস্য এনামুল্লাহ আরো বলেন, তালেবান সরকারে অংশগ্রহণের জন্য তারা নারীদের আহ্বান জানাচ্ছেন।
তালেবানের শীর্ষ কোনো নেতার পক্ষ থেকে সরকার গঠনের ইঙ্গিত দিয়ে প্রথমবারের মতো এমন মন্তব্য করা হলো, যেখানে নারীদের অংশগ্রহণের কথাও বলা হয়েছে।
এনামুল্লাহ সামানগানি বলেন, ইসলামিক আমিরাত চায় না যে, নারীরা ক্ষতিগ্রস্ত হোক। শরিয়াহ আইন অনুযায়ী, সরকারি কাঠামোতে তাদের অংশগ্রহণ থাকা উচিত।
তালেবানের নতুন সরকার গঠনের বিষয়ে স্পষ্ট কোনো তথ্য এনামুল্লাহ দেননি। অতীত অভিজ্ঞতা অনুযায়ী, পুরোপুরি ইসলামিক শাসন অনুযায়ী তারা সরকার গঠন এবং দেশ পরিচালনা করবে। সব পক্ষকেই এতে অংশ নিতে হবে।
নিজস্ব সংবাদদাতা 



























