
আন্তর্জাতিক ডেস্ক ।।
মেক্সিকোর পূর্বাঞ্চলের উপকূলে আঘাত হেনেছে হারিকেন গ্রেস। শনিবার স্থানীয় সময় সকালে হারিকেন আঘাত হানে। এতে ৮জনের প্রাণহানি হয়েছে। নিখোঁজ রয়েছে অন্তত তিন জন।
দেশটির ঘূর্ণিঝড় সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, ক্যাটাগরি ৩ শক্তিসম্পন্ন ঘূর্ণিঝড়টি আঘাত হানার মুহুর্তে বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ১২০ মাইল।পরবর্তী কয়েকঘণ্টা উপকূলীয় এলাকায় তাণ্ডব চালানোর পর শক্তি হারিয়ে তা মৌসুমী ঝড়ে পরিণত হয়। ভূমিধসের আশঙ্কায় পরে সতর্কতা জারি করা হয়।
ঘূর্ণিঝড় সতর্কীকরণ কেন্দ্রের হিসাবে মেক্সিকোর ভেরাক্রুজ, পুয়েবলা, টাক্সালাসহ আশপাশে এলাকা এবং সানপোতেসি এলাকায় পরবর্তী কয়েকদিন বন্যা ও ভূমিধসের আশঙ্কা রয়েছে। তাই এসব এলাকার মানুষজনকে সাবধানে থাকতে বলা হয়েছে। বাড়তে পারে বৃষ্টিপাতের পরিমাণও।
এরআগে চলতি সপ্তাহের শুরুতে সাত দশমিক দুই মাত্রার ভূমিকম্পে বিধ্বস্ত হাইতিতে আঘাত হানে হারিকেন গ্রেস। ভূমিকম্পে দুই হাজার মানুষের প্রাণহানি এবং প্রায় ১৩ লাখ ক্ষতিগ্রস্ত মানুষের উপর হারিকেন গ্রেসের আঘাতে মানবিক বিপর্যয় তৈরি করে।
নিজস্ব সংবাদদাতা 



















