
প্রিয় মানুষটি যখন ভালোবেসে বুকে টেনে নেয়, কতটা নিরাপদ অনুভব করেন? কিংবা মনে করুন বন্ধুদের শক্ত সেই আলিঙ্গন! সন্তান কিংবা ছোট ভাইবোনের আদুরে সেই গলা জড়িয়ে ধরা। কাউকে ভালোবেসে জড়িয়ে ধরার আছে অনেক উপকারিতা। ভালোবেসে কাউকে আলিঙ্গন করলে নিরাপত্তার অনুভূতি হয়। পাশাপাশি সেই সঙ্গে বাড়ে বিশ্বাস ও আস্থা। আলিঙ্গন করলে বৃদ্ধি পায় মানসিক শান্তি। সেই সঙ্গে কমে যায় অস্থিরতা। জেনে নিন প্রিয়জনের আলিঙ্গনের উপকারিতা।
যাদের উচ্চ রক্তচাপের সমস্যা আছে৷ তারা প্রিয়জনকে আলিঙ্গন করুন। কারণ যত বেশি আলিঙ্গন করা হবে, উচ্চ রক্তচাপের সমস্যা থেকে মুক্তি পাওয়ার সম্ভাবনা তত বেশি। কাউকে আলিঙ্গন করলে মানসিক প্রশান্তি মেলে৷ যা রক্তচাপ কমাতে সহায়তা করে। আলিঙ্গন করলে প্রিয়জনের ত্বকের সঙ্গে স্পর্শ লেগে পেসিনিয়ান করপাসক্যালসকে কার্যকরী করে। পেসিনিয়ান করপাসক্যালস ভেগাস নার্ভকে সিগন্যাল পাঠায়। ফলে উচ্চ রক্তচাপ কমে যায়।
দামী কোনো উপহার দেয়ার প্রয়োজন নেই আজ, কিছুক্ষণের এই স্পর্শই প্রকাশ করবে ভালোবাসার গভীরতা। বিশ্ব ব্যাপী এই দিনটি নানা আয়োজনের মধ্য দিয়ে পালন করা হয়ে থাকে। অনেক যায়গায় আয়োজন করা হয় নানা প্রতিযোগিতার।
কী হয় প্রিয় মানুষটিকে জড়িয়ে ধরলে? জড়িয়ে ধরলে অক্সিটোসিন হরমোন তৈরি হয় যা রক্তে ছড়িয়ে পড়ে। অক্সিটোসিন মানসিক চাপ, রাগ, একাকীত্ব, দুশ্চিন্তা দূর করতে সহায়তা করে এবং রক্তচাপ কমায়। এছাড়াও স্মৃতিশক্তি বাড়াতে সহায়তা করে। এছাড়াও ভালোবাসার মানুষটিকে জড়িয়ে ধরলে মস্তিষ্কে সেরোটোনিনের মাত্রা বৃদ্ধি পায়। মাত্র এক মিনিটের আলিঙ্গনেই সেরোটোনিন মস্তিষ্কে সুখের অনুভূতির সৃষ্টি করতে পারে।
গবেষকদের মতে প্রিয় মানুষটিকে নিয়মিত যাদের আলিঙ্গন করার সুযোগ মেলে তারা অন্যদের চাইতে তুলনামূলক ভালো এবং সহানুভূতিশীল মানুষ হয়। আশে পাশের মানুষের সঙ্গে তাদের আচরণ সাধারণত ভালো হয়।
প্রিয় মানুষটিকে আলিঙ্গন করলে মন থেকে সব ভয় দূর হয়ে যায়। সাইকোলজিক্যাল সাইন্স জার্নালে প্রকাশিত একটি গবেষণায় বলা হয়েছে যে, আলিঙ্গন করলে মৃত্যুর ভয় অনেকটাই কমে যায় মানুষের। সেই সঙ্গে কমে যায় দুশ্চিন্তা ও মানসিক চাপ। এমনটি একটি জড় বস্তু যেমন টেডি বিয়ারকে আলিঙ্গন করলেও যে কোনও ভয় কমে যায় অনেকখানি।
হার্টের সমস্যাও প্রতিরোধ করে আলিঙ্গন –
ইউনিভার্সিটি অব নর্থ ক্যারোলিনার চ্যাপল হিলের এক গবেষণায় বলা হয়, প্রিয়জনকে জড়িয়ে ধরা ওষুধের মতো কাজ করে। প্রতি মিনিটে হার্টের গতিবেগ বাড়িয়ে তোলে অন্তত ১০ বিট। এতে হৃদরোগের আশঙ্কা কমে যায়।
প্রিয়জনের জড়িয়ে ধরা মানসিকভাবেও ভালো রাখে। আত্মবিশ্বাস বাড়িয়ে তুলে অকারণে ভয় পাওয়া কমিয়ে দেয়। ভালোবাসা বোঝাতে বা পরম ভরসা জোগাতে আলিঙ্গন হলো জাদুকাঠির ছোঁয়া।
সর্বোপরি যাকে হৃদয় আপন ভাবে, তাকে ভালোবাসার বাহুডোরে বেঁধে ফেলাতেই তো প্রেমের সার্থকতা নিহিত। তাই আর দেরি কেন? যাকে বা যাদেরকে ভালোবাসেন, তাকে বা তাদেরকে বিনা সংকোচে আজ জড়িয়ে ধরুন। আর বুঝিয়ে দিন, আপনি কতটা ভালোবাসেন তাদের। এক্ষেত্রে অবশ্য আপনার ছোঁয়াই বুঝিয়ে দেবে আপনি কতটা বিশ্বস্ত। প্রিয়জনকে আপনার জড়ানোর কায়দাই বুঝিয়ে দেবে আপনি তাকে কতটা ভালোবাসেন।
তবে যিনি আপনার আলিঙ্গন হাসি মুখে গ্রহণ করতে প্রস্তুত, কেবল তার সঙ্গেই নিরাপদে নির্ভয়ে পালন করুন ‘হাগ ডে’। নইলে হিতে বিপরীত হতে পারে!
সূত্র-জিএম
বার্তাকণ্ঠ ডেস্ক 



















