
যশোরে বাবার গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার খবর শুনে ছেলে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন।
নিহত দু’জন হলেন যশোর সদর উপজেলার সুলতানপুর গ্রামের সিরাজুল ইসলাম (৬০) ও তার ছেলে সোহেল হোসেন (২৮)।
আজ শুক্রবার (১৭ জুন) দুপুর ২ টার দিকে সুলতানপুর গ্রামের মাঠের মধ্যে বাবা সিরাজুল ইসলাম ও দুপুর ৩ টার দিকে রাজারহাট রেলক্রসিংয়ে ছেলে সোহেল আত্মহত্যা করে।
নিহত বাবা ও ছেলের মরদেহ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।
যশোরে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম জানান, পারিবারিক কলহের কারণে সিরাজুল ইসলাম আজ দুপুরে বাড়ির পাশে মাঠের মধ্যে মেহগুনি গাছে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। এ খবর শুনে ছেলে সোহেল রাজারহাট রেলক্রসি এলাকায় যেয়ে চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে। খবর পেয়ে দুইজনের মরদেহ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় অপমৃত্যু মামলা দায়ের প্রস্তুতি চলছে বলে তিনি জানান।
যশোর প্রতিনিধি 






































