
করোনা ভাইরাসের মত ভয়াল রাতেও নিজের জীবন বাজী রেখে অসহায় গরীব-দুঃখী মানুষের চিন্তায় প্রত্যন্ত গ্রামের অজ পাড়াগাঁয়ে অবিরাম ছুটে গেছেন তিনি। জনসাধারণকে সচেতন করতে কখনও হাতে হ্যান্ডমাইক নিয়ে ও রাস্তায় নেমেছিলেন তিনি।
আইনের শাসন প্রতিষ্ঠায় কখনও অবৈধ দখল উচ্ছেদে কর্দমাক্ত খালে নেমে পড়ছেন, আবার কখনও গভীর রাতে নিজ হাতে ত্রাণের খাদ্যসামগ্রী নিয়ে প্রত্যন্ত গ্রামের অসহায় মায়ের দ্বারে দ্বারে কড়া নেড়েছেন। মানবতার সেবায় নির্ঘুম রাত, আর অক্লান্ত সকাল-দুপুর ছুটে চলায় যার ব্রত। তিনি হলেন নেত্রকোনা জেলার খালিয়াজুরী উপজেলা নির্বাহী কর্মকর্তা এএইচএম আরিফুল ইসলাম।
অপরদিকে কিছু দিন আগে একদল দুর্নীতিবাজ, স্বার্থান্বেষী, ভূমিদস্যু ও অপপ্রচারে নেমেছিল তার বিরুদ্ধে। যা নিয়ে এলাকাবাসীর মধ্যে রীতিমতো ক্ষোভের সঞ্চার হয়েছিলো। কিন্তু সরেজমিনে মিলেছে তার উল্টো পরিবেশ।
তথ্যানুসন্ধানে জানা যায়, নেত্রকোনা জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিস মহোদয়ের দিক নির্দেশনায় সরকারের অর্পিত সকল কার্যক্রম যথাযথভাবে পালন করে আসছেন খালিয়াজুরী উপজেলা নির্বাহী অফিসার ইউএনও, এএইচএম আরিফুল ইসলাম। তার প্রচেষ্টায় আইনের শাসন প্রতিষ্ঠায় খালিয়াজুরী উপজেলা স্বচ্ছতার মানদণ্ডে একটি মডেল উপজেলা হিসাবে ইতিমধ্যে পরিচিতি লাভ করেছে। তার মেধা, সততা, কর্মদক্ষতা, মানবিকতা, যেখানে সমস্যা সেখানেই ছুটে গিয়ে সমাধান করাসহ বিভিন্ন মানবিক গুণাবলীর কারণে তিনি শ্রেষ্ঠত্ব অর্জন করেন,অর্থনৈতিক উন্নয়ন (bpaaoo5) ক্যাটাগরিতে উল্লেখযোগ্য ও প্রশংসনীয় অবদানের স্বীকৃতিস্বরূপ বঙ্গবন্ধু প্রশাসন পদক ২০২২ পেয়েছেন।
খালিয়াজুরী উপজেলার মাটি ও মানুষের সাথে মিশে যাওয়া ইউএনও ময়মনসিংহ জেলার ফুলবাড়ীয়া উপজেলার সন্তান। প্রায় ৪ বছর আগে খালিয়াজুরী উপজেলায় যোগদানের পর থেকে অত্যন্ত নিষ্ঠার সাথে দায়িত্ব পালনে দৃষ্টান্ত স্থাপন করতে চলেছেন তিনি।
অবৈধ স্থাপনা উচ্ছেদে স্বার্থান্বেষী কুচক্রী মহলের শত্রু হলেও একের পর এক ইতিবাচক ঘটনার জন্ম দিয়ে সাধারণ মানুষের আস্থার পাত্র হয়ে উঠেছেন তিনি পেয়েছেন জনসাধারণের অফুরন্ত ভালোবাসা।
একজন ইউএনও’র তদারকিতে প্রধানমন্ত্রীর আশ্রয়ন প্রকল্প, শিক্ষা প্রতিষ্ঠান, ইউনিয়ন পরিষদ, সরকারের চলমান বিভিন্ন প্রকল্পের প্রায় সকল দপ্তরে স্বচ্ছতা ফিরেছে, সরকারের প্রতি আস্থা ফিরেছে সাধারণ মানুষের।
একটি সূত্র জানায়, প্রতি বছর জুনমাস এলেই নড়েচড়ে বসে একটি দুর্নীতিবাজ ও প্রভাবশালী চক্র। প্রতিবছর জুন মাস এলেই তাদের খাওয়া ঘুম হারাম হয়ে যায়। তারই অংশ হিসেবে বিভিন্ন অপপ্রচার চালানো হচ্ছে বলে জানা গেছে।
এদিকে খালিয়াজুরী উপজেলার দুর্নীতি পরায়ণ কতিপয় সিন্ডিকেট চক্র অনৈতিক সুযোগ-সুবিধা নিতে না পেরে আরালে উপজেলা নির্বাহী কর্মকর্তার বিরুদ্ধাচরণসহ নানাবিধ ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছেন এখনো।
এ বিষয়ে খালিয়াজুরী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক মেন্দিপুর ইউপি চেয়ারম্যান লোকমান হেকিম বলেন, যারা অবৈধ সুযোগ-সুবিধা নিতে পারছে না তারাই ইউএনও’র বিরুদ্ধে মাঠে নেমেছে।
খালিয়াজুরী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও চাকুয়া ইউপি চেয়ারম্যান মোঃ আবুল কালাম আজাদ জানান, নিঃসন্দেহে ইউএনও একজন ভালো মানুষ, তিনি সঠিক কাজগুলোই করছেন এবং দেশের কল্যাণে এই হাওর অঞ্চলের মানুষের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
নেত্রকোনা জেলা আওয়ামীলীগের সদস্য ও খালিয়াজুরী সদর ইউপি চেয়ারম্যান মোঃ আবু ইসহাক জানান, আমাদের সৌভাগ্য যে, আমরা এমন একজন সৎ ও যোগ্য সরকারি অফিসারকে পেয়েছি। বর্তমান ইউএনও খালিয়াজুরী যোগদানের পর থেকে সমস্ত সেক্টরে স্বচ্ছতা ফিরে এসেছে।
এ বিষয়ে পরিবর্তনের অঙ্গীকার নিয়ে ছুটে চলা খালিয়াজুরী উপজেলা নির্বাহী কর্মকর্তা এএইচএম আরিফুল ইসলাম বলেন, ‘আমি কথায় নয়, কাজে বিশ্বাসী। যতদিন আছি, আইনের শাসন প্রতিষ্ঠায় কাজ করে যাবো। আমি সরকারের একজন প্রতিনিধি হিসেবে এই উপজেলায় দায়িত্ব পালন করতে এসেছিমাত্র।
এসময় সকলের সহযোগিতা পেলে খালিয়াজুরী উপজেলাবাসীকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তোলার পাশাপাশি সাধারণ মানুষের কল্যাণে যা যা করার প্রয়োজন সেটি করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
শফিকুল আলম সজীব, জেলা প্রতিনিধি নেত্রকোনা 







































