
যশোরের ঝিকরগাছা থানাধীন রঘুনাথনগর মহাবিদ্যালয় মাঠে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে মহাবিদ্যালয় প্রাঙ্গনে উক্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ৮৬, যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অব.) অধ্যাপক ডা. মোঃ নাসির উদ্দিন। প্রধান বক্তার বক্তব্য দেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি কৃষিবিদ ভিপি মোঃ আবদুস সালাম।
রঘুনাথনগর মহাবিদ্যালয়ের সভাপতি ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম-আহ্বায়ক কামরুজ্জামান কামাল এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ঝিকরগাছা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও পৌর মেয়র মোস্তফা আনোয়ার পাশা জামাল, যুগ্ম-সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান মনিরুল ইসলাম, সাবেক সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান মুসা, সাবেক আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আব্দুল কাদের আজাদ, সাবেক যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক শেখ নাছিমুল হাবিব শিপার, জেলা যুবলীগের সহ-সভাপতি আজহার আলী, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রফিকুল ইসলাম বাপ্পী, উপজেলা ভাইস চেয়ারম্যান সেলিম রেজা, মহিলা ভাইস চেয়ারম্যান লুবনা তাক্ষী, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আবুল কালাম আজাদ। এছাড়া শ্রমিকলীগ, মহিলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে এমপি নাসির উদ্দিন বলেন, জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সারাদেশে জামাত-বিএনপি ষড়যন্ত্র করছে। ঐক্যবদ্ধভাবে তাদেরকে রুখে দিতে হবে। ভোটযুদ্ধে একাত্তরের পরাজিত শক্তিদের দাঁতভাঙা জবাব দিতে হবে।
প্রধান বক্তার বক্তব্যে ভিপি সালাম বলেন, ১৯৭৫ এর ১৫ আগস্ট জাতির পিতাসহ তার পরিবারের প্রায় সবাইকে একযোগে হত্যা করা হয়েছিল। সেদিন ভাগ্যক্রমে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শেখ রেহানা প্রাণে বেঁচে যান। কিন্তু দুঃখের বিষয় এই খুনের বিচার হবে না বলে আইন করা হয়েছিল। খুনিদের পুরষ্কৃত করা হয়েছিল। পরবর্তিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই হত্যার বিচার করেছেন। এখনো যারা দেশের বাইরে পালিয়ে আছেন তাদেরকে দেশে এনে বিচারের দাবি জানান তিনি।
এর আগে নাসির উদ্দীন এমপি শেখ রাসেল স্মৃতি সংসদ, গদখালি ইউনিয়ন, ঝিকরগাছা কর্তৃক আয়োজিত জাতীয় শোক দিবস উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভা, দোয়া এবং খাবার বিতরণ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
শেখ রাসেল স্মৃতি সংসদ, গদখালি আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনা সভা, দোয়া এবং খাবার বিতরণ অনুষ্ঠানে নেতৃবৃন্দ।
এছাড়া সন্ধ্যায় ৯নং ওয়ার্ড, নাভারন ইউনিয়ন,ঝিকরগাছা আওয়ামী লীগ এবং অঙ্গ সহযোগী সংগঠনের উদ্দোগে আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনা সভা, দোয়া ও খাবার বিতরণ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। এসময় ঝিকরগাছা উপজেলা আওয়ামী লীগ এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ঝিকরগাছা প্রতিনিধি 






































