
বেনাপোলে অনিক কুমার (৩০) নামে এক পাচারকারীকে ১০টি স্বর্ণের বারসহ আটক করেছেন বিজিবি সদস্যরা।
সোমবার (১৭ অক্টোবর) বেনাপোল রেল স্টেশন এলাকা থেকে তাকে আটক করা হয়।
অনিক মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান উপজেলার বিক্রমপুরের নিমতলা গ্রামের বিমলেন্দু বিশ্বাসের ছেলে।
বিজিবি জানায়, গোপন খবরে তারা জানতে পারে- এক পাচারকারী বেনাপোল রেল স্টেশন এলাকায় স্বর্ণের একটি বড় চালান নিয়ে সেখানে অবস্থান করছে। এমন খবরে বিজিবির একটি অভিযানিক দল সেখানে অভিযান চালিয়ে ওই স্বর্ণ পাচারকারীকে আটক করেন। পরে তার দেহ তল্লাশি করে ১ কেজি ১৬৫ গ্রাম ওজনের ১০টি স্বর্ণের বার জব্দ করা হয়। স্বর্ণের এই চালানটি ভারতে পাচারের উদ্দেশ্যে ওই পাচারকারী এখানে অবস্থান করছিলেন।
জব্দকৃত স্বর্ণের বাজার মূল্য ৯৪ লাখ টাকা বলে জানায় বিজিবি।
৪৯ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লে.কর্ণেল মিনহাজ সিদ্দিকী জানান, বেনাপোল রেল স্টেশন এলাকা থেকে বিজিবির অভিযানে ১০ টি স্বর্ণের বারসহ এক পাচারকারীকে আটক করা হয়েছে। আটকের বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোর্পদ করা হয়েছে।
বার্তাকণ্ঠ/এন
মাহবুব আলম, স্টাফ রিপোর্টার 







































