
যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের টুইটার অ্যাকাউন্ট পুনরায় খুলে দেয়া হয়েছে। টুইটারের নতুন মালিক ইলন মাস্কের এক জরিপে সংখ্যাগরিষ্ঠ ব্যবহারকারী ট্রাম্পের টুইটার অ্যাকাউন্ট খুলে দেয়ার পক্ষে ভোট দেয়ার পর এ পদক্ষেপ নেয়া হলো।
শনিবার (১৯ নভেম্বর) ট্রাম্পের টুইটার অ্যাকাউন্ট খুলে দেয়া হবে কি না মাস্ক একটি জরিপ চালান। যেখানে ১৫ মিলিয়নের বেশি ব্যবহারকারী ভোট দিয়েছেন। জরিপে ৫১ দশমিক ৮ শতাংশ অ্যাকাউন্ট পুনঃস্থাপন করার পক্ষে এবং ৪৮ দশমিক ২ শতাংশ বিপক্ষে ভোট দিয়েছেন।
তবে সাবেক মার্কিন প্রেসিডেন্ট এ প্ল্যাটফর্মে নাও ফিরতে পারেন। এর আগে তিনি বলেছেন, টুইটারে ফিরে আসার তিনি কোনো কারণ দেখছেন না।
২০২১ সালের ৬ জানুয়ারি যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির ক্যাপিটল ভবনে হামলা ও সহিংসতার প্ররোচনার অভিযোগে ট্রাম্পের টুইটার অ্যাকাউন্ট স্থগিত করা হয়েছিল।
প্রেসিডেন্ট নির্বাচনে জো বাইডেনের জয় প্রত্যাখান করে ট্রাম্পের শত শত সমর্থক ক্যাপিটল ভবনে ঢুকে পড়ে। সেই সহিংসতায় চার বেসামরিক নাগরিক এবং একজন পুলিশ কর্মকর্তার মৃত্যু হয়। সহিংসতা পরপরই ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও টুইটারে নিষিদ্ধ হন।
যুক্তরাষ্ট্রের ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার আনুষ্ঠানিক ঘোষণা দেয়ার করার কয়েকদিন পর ট্রাম্পের টুইটার অ্যাকাউন্ট খুলে দেয়া হলো।
আন্তর্জাতিক ডেস্ক 






































