
কাতার বিশ্বকাপের ভরা যৌবন চলছে। দারুণ প্রতিযোগিতা জমে উঠেছে শেষ দিকে এসে। অঘটনের বিশ্বকাপে বেশ কয়েকটি ফেভারিট দল বাদ পড়ে গেছে ইতোমধ্যে। ব্রাজিল, পর্তুগাল, জার্মানি, বেলজিয়ামের মতো দলগুলো বাদ পড়ে গেছে। এখন দৃষ্টি আর্জেন্টিনা ও ফ্রান্সের দিকে।
ফাইনালের টিকিটের লড়াই শুরু হচ্ছে আজ থেকে। রাত ১টায় ক্রোয়েশিয়ার মুখোমুখি হচ্ছে মেসির দল।
চার বছর পর আবারও আজ মুখোমুখি হচ্ছে দুই দল। রাশিয়া বিশ্বকাপে লাতিন আমেরিকানদের বিপক্ষে দারুণ এক জয়ে মুখোমুখি লড়াইয়ে সমতা টেনেছিল ক্রোয়াটরা। আজ সেই সুখস্মৃতি ফিরিয়ে আনেন কিনা সেটিই দেখার অপেক্ষায় বিশ্ববাসী।
বিশ্বকাপ ও সব মিলিয়ে মুখোমুখি লড়াইয়ে এগিয়ে নেই দুই দলের কেউ। ফাইনালে ওঠার মঞ্চ হবে সমতা ভাঙার লড়াইও।
পরিসংখ্যান কী বলছে?
* বিশ্বকাপে এখন পর্যন্ত দুবার মুখোমুখি হয়েছে আর্জেন্টিনা ও ক্রোয়েশিয়া। যেখানে একটি করে জয় দুই দলের। ১৯৯৮ সালে গ্রুপ পর্বে ১-০ গোলে জেতে লাতিন আমেরিকানরা। গত আসরে গ্রুপ পর্বেই তাদের ৩-০ গোলে হারিয়ে দেয় ক্রোয়েশিয়া।
* আর্জেন্টিনা ও ক্রোয়েশিয়া সব মিলিয়ে পরস্পরের বিপক্ষে খেলেছে পাঁচটি ম্যাচ। যেখানে দুটি করে জয় দল দুটির। আরেকটি ম্যাচ হয়েছে ড্র।
* এ নিয়ে টানা দ্বিতীয়বার বিশ্বকাপের সেমি-ফাইনালে খেলছে ক্রোয়েশিয়া। ২০১৮ সালে শেষ চারে ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে ফাইনালে ওঠে তারা, যা দলটির সর্বোচ্চ সাফল্য। শিরোপা নির্ধারণী ম্যাচে ফ্রান্সের কাছে ৪-২ গোলে হেরে স্বপ্ন ভঙ্গ হয় তাদের।
* বিশ্বকাপে এখন পর্যন্ত চারবার টাইব্রেকারের পরীক্ষা দিয়ে শতভাগ সফল ক্রোয়েশিয়া। গত আসরে শেষ ষোলোয় ডেনমার্ক ও কোয়ার্টার-ফাইনালে রাশিয়াকে পেনাল্টি শুটআউটে হারায় তারা। এবার নকআউট পর্বের প্রথম ধাপে জাপানের বিপক্ষে ও শেষ আটে ব্রাজিলের বিপক্ষে টাইব্রেকারে জেতে দলটি।
* কোয়ার্টার-ফাইনালে ব্রাজিলের বিপক্ষে সমতা টানা গোলটি করেন ব্রুনো পেতকোভিচ। ম্যাচটিতে ওই একটি শটই লক্ষ্যে রাখতে পেরেছিল ক্রোয়েশিয়া, আর সেটাতেই পেয়ে যায় তারা জালের দেখা।
* ২০০২ সালে ব্রাজিলের পর প্রথম দল হিসেবে টানা দুইবার ফাইনালে খেলার সম্ভাবনা জাগিয়েছে ক্রোয়েশিয়া।
* বিশ্বকাপে নিজেদের সবশেষ ১২ ম্যাচের ১১টিতে অপরাজিত ক্রোয়েশিয়া; একমাত্র হার ফ্রান্সের বিপক্ষে, ২০১৮ বিশ্বকাপের ফাইনালে।
* আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসির সামনে দ্বিতীয়বার বিশ্বকাপের ফাইনালে খেলার হাতছানি। ২০১৪ সালে জার্মানির বিপক্ষে ১-০ গোলে হেরে হৃদয় ভাঙে লাতিন আমেরিকার দলটির।
স্পোর্টস ডেস্ক।। 





































