
তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন ,তারেক রহমান ক্ষমতায় এলে উপকারভোগীদের ভাতা এবং ‘একটি বাড়ি একটি খামার’ প্রকল্পের জমানো টাকা কেড়ে নিয়ে হাওয়া ভবনে পালাবে।
শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার লালানগর ইউনিয়নের আওতায় উপকারভোগীদের নিয়ে আয়োজিত সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ এ কথা বলেন।
হাছান মাহমুদ বলেন, আওয়ামী লীগ সরকার বয়স্ক ভাতা, বিধবা ভাতা, পঙ্গু ভাতা, প্রতিবন্ধী ভাতা, মাতৃতকালীন ভাতা, স্বামী পরিত্যক্তা নারীদের ভাতাসহ ২২ ধরনের ভাতা চালু করেছে। এর বাইরে ভিজিডির মাধ্যমে চাল দেয়া হয়। ৫০ টাকার চাল ৩০ টাকা কেজি ধরে বিক্রি করা হয়। এ ছাড়াও সারাদেশের এক কোটি পরিবারকে ফ্যামিলি কার্ড দেয়া হয়েছে। সেই কার্ড দিয়ে তারা স্বল্পমূল্যে চাল, ডাল, তেল, চিনিসহ নিত্যপ্রয়োজনীয় সামগ্রী কিনতে পারছেন। আগের সরকারের সময় এভাবে পণ্য বিতরণ করা হতো না। এসব ভাতা দেয়া হতো না।
তিনি বলেন, আওয়ামী লীগ সরকার পাঁচ হাজার কমিউনিটি ক্লিনিক করেছিলো। খালেদা জিয়া আসার পর সব বন্ধ করে দেয়। ঠিক তেমনি আগামী নির্বাচনে যদি অন্য সরকার আসে তাহলে সব ধরনের ভাতা বন্ধ হয়ে যাবে। আমাদের সরকার যদি আবারও ক্ষমতায় আসে তাহলে আরো বেশি মানুষকে উপকারভোগীর তালিকায় নিয়ে আসা হবে।
উত্তর রাঙ্গুনিয়া উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন লালানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম তালুকদার।
ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মীর গোলাম মোস্তাফা বাবুলের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শামসুল আলম তালুকদার, ধর্মবিষয়ক সম্পাদক জসিম উদ্দিন তালুকদার, সদস্য মীর তৌহিদুল ইসলাম কাঞ্চন, লালানগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সামশুল আলম, মঈন উদ্দিন তালুকদার, রাসেল প্রমুখ।
ঢাকা ব্যুরো।। 







































