
গোপালগঞ্জের কোটালীপাড়ায় আওয়ামী লীগ আয়োজিত জনসভায় যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী এবং দলটির সভাপতি শেখ হাসিনা। সেখানে তিনি জেলার ৪৩টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন এবং পাঁচটি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
শনিবার (২৫ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে প্রধানমন্ত্রী এসব প্রকল্প উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
সেখানে জনসভায় বক্তব্য দেবেন তিনি। এ উপলক্ষে দলের প্রতীক নৌকার আদলে জনসভার মঞ্চ প্রস্তুত করা হয়েছে। প্রধানমন্ত্রীর জনসভায় প্রায় ২০ লাখ মানুষের সমাগম হবে বলে আশা করছেন নেতাকর্মীরা।
এদিকে সমাবেশ শেষে বিকেলে তিনি টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন।
প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে কোটালীপাড়া ও টুঙ্গিপাড়ার নেতাকর্মীসহ স্থানীয়দের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি হয়েছে। বিভিন্ন স্থানে টাঙানো হয়েছে ব্যানার ও ফেস্টুন।
জেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুব আলী খান ও সাধারণ সম্পাদক জি এম শাহাব উদ্দিন আজম জানান, নৌকার আদলে প্রস্তুত করা হয়েছে মঞ্চ। প্রস্তুত জনসভাস্থলও। এ ছাড়া আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও জনসভাকে ঘিরে জেলার নিরাপত্তা নিশ্চিত করেছে।
বার্তাকন্ঠ ডেস্ক।। 







































