
ফের মৃত্যুর হুমকি পেলেন বলিউড তারকা সালমান খান। তাকে ৩০ এপ্রিল খুন করা হবে বলে হুমকি দিয়েছেন রাজস্থানের এক ব্যক্তি।
সোমবার রাতে হুমকির এই ফোন আসে মুম্বাই পুলিশের কন্ট্রোল রুমে।
এমন ঘটনার পরেই তদন্তে নামে মুম্বাই পুলিশ। জানা গেছে, রাজস্থানের জোধপুর থেকে এই হুমকির ফোনটি এসেছিলো। ‘রকি ভাই’ পরিচয় দিয়ে হুমকি দিয়ে ফোন করে ১৬ বছরের এক কিশোর।
এরই মধ্যে এ কিশোরকে শাহপুর থেকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য মুম্বাই নিয়ে এসেছে পুলিশ। কেন সে সালমান খানকে এ হুমকি দিয়ে ফোন করলো, তা জানতে চাইবে পুলিশ।
কয়েক সপ্তাহ আগেও ই-মেইলে খুনের হুমকি দেয়া হয় বলিউডের ভাইজানকে। তারপরই সালমানের নিরাপত্তা বাড়ানো হয়। নিজের সুরক্ষার জন্য একটি বুলেটপ্রুফ গাড়িও সম্প্রতি কিনেছেন সালমান। যার দাম প্রায় ২ কোটি রুপি।
এর আগেরবার সালমানকে হুমকি দিয়ে মেইল পাঠিয়েছিলো গোল্ডি ব্রার নামে এক গ্যাংস্টার। গত বছর মে মাসে পাঞ্জাবের কংগ্রেস নেতা এবং গায়ক সিধু মুসেওয়ালা খুনেও অভিযুক্ত ছিলো সে। এ হুমকিমূলক ফোনের জন্য লরেন্স বিষ্ণোই এবং গোল্ডি ব্রার ও রোহিত ব্রারের বিরুদ্ধে এফআইআর করে মুম্বাই পুলিশ।
বার্তাকন্ঠ ডেস্ক।। 







































