
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ২৯ পিচ ইয়াবা ট্যাবলেটসহ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উপজেলা যুগ্ম সাধারণ সম্পাদককে আটক করেছে বিজিবি।
শুক্রবার (৩০ জুন ) রাত আনুমানিক সাড়ে দশটার দিকে উপজেলার তিলাই ইউনিয়নের দক্ষিণছাট গোপালপুর গ্রামের জামতলা বিজিবি চেক পোস্ট এর সামন থেকে ২৯ পিচ ইয়াবা ট্যাবলেট ও একটি ইয়ামাহা মোটরসাইকলসহ আটক করা হয় তাকে।
আটককৃত যুবক হলেন, উপজেলার তিলাই ইউনিয়নের দক্ষিণছাট গোপালপুর গ্রামের মৃত তোফাজ্জল হোসেনের পুত্র এম.কে রানা শিকদার(৩৮)।
বিজিবি ও পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভীত্তিতে দক্ষিণছাট গোপালপুর গ্রামের জামতলা বিজিবি চেক পোস্ট অতিক্রম করার সময় চলন্ত মটরসাইকেল চালককে থামতে বললে সে গাড়ি রেখে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। বিজিবি ডিয়াডাঙ্গা ক্যাম্পের নায়েব সুবেদার আব্দুল খালেক এর নেতৃত্বে বিজিবির একটি টহলদল তাকে আটক করে। পরে তার স্বীকারোক্তি মোতাবেক মোটরসাইকেল তল্লাসী করে তেলের ট্যাংকের সামনের ফাঁকা অংশ হতে ২৯ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। রাতেই রানা শিকদারকে থানায় হস্তান্তর করে বিজিবি।
এ বিষয়ে জানতে চাইলে স্বেচ্ছাসেবক লীগের উপজেলা সভাপতি চঞ্চল মাহমুদ হাওলাদার বলেন, রানা খুব ভালো ছেলে। সে মাদকের সাথে জড়িত নয়। ভারতীয় গরু ব্যবসায়ীদের দিয়ে তাকে ফাঁসানো হয়েছে।
ভূরুঙ্গামারী থানার ওসি (তদন্ত) আজাহার আলী জানান, আটক আসামীকে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে শনিবার সকালে কুড়িগ্রাম কোর্টে পাঠানো হয়েছে।
কামরুল হাসান কাজল, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) ।। 







































