
রাজধানীর ধোলাইখালে পুলিশের সঙ্গে বিএনপি নেতা-কর্মীদের ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় আহত হয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তাকে রক্তাক্ত অবস্থায় আটক করে নিয়ে যেতে দেখা গেছে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, পুলিশ টানা-হেঁচড়া করলে রাস্তায় পরে যান গয়েশ্বর চন্দ্র রায়। এরপর পুলিশের কয়েকজন সদস্যকে পেটাতে দেখা যায় গয়েশ্বরকে। পরে তাকে সড়ক থেকে তুলে নিয়ে যাওয়া হয়।রক্তাক্ত অবস্থায় গয়েশ্বর চন্দ্র রায়কে আটক করে নিয়ে যেতে দেখা যায়।
নেতা-কর্মীরা বেলা ১১টায় ধোলাইখাল মোড়ে অবস্থান নিয়ে স্লোগান দিতে থাকলে আগে থেকে সেখানে থাকা আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষ শুরু হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত ধোলাইখাল এলাকায় উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক লাইভ ভিডিওতে দেখা গেছে, সড়কের একদিকে জলকামান নিয়ে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা অবস্থান নেয়, অপরপাশে বিএনপির নেতা-কর্মীরা। একসময় ইন-শৃঙ্খলা বাহিনী ও বিএনপি নেতা-কর্মীরা মুখোমুখি অবস্থানে চলে আসেন।
এক পর্যায়ে পুলিশকে একের পর এক কাঁদানে গ্যাসের শেল ছুড়তে দেখা যায়। উত্তেজিত নেতা-কর্মীদের ইট-পাটকেল ছুড়তে দেখা গেছে। এ সময় বেশ কয়েকজন নেতা-কর্মীকে আটক করতেও দেখা গেছে।
জানা গেছে, বিএনপির এই কর্মসূচি পালনের কথা ছিল নয়াবাজারে। সেখানে আজ সকাল সাতটা থেকে অবস্থান নেন আওয়ামী লীগের নেতা-কর্মীরা। পাশাপাশি বিপুল সংখ্যক পুলিশ সদস্যও সেখানে মোতায়েন করা হয়। বিএনপির নেতা-কর্মীরা নয়াবাজার থেকে প্রায় দেড় কিলোমিটার দূরে ধোলাইখাল এলাকায় অবস্থান নেন। সেখানেই পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে।
ঢাকা ব্যুরো।। 





































