
চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটা ইউনিয়নে তৃণমূল আওয়ামী লীগের অন্যতম সংগঠক বীর মুক্তিযোদ্ধা মাষ্টার ওমর চৌধুরী শনিবার (২৬ আগস্ট) ভোররাত চারটায় চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না নিল্লাহে— রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর।
মরহুম ওমর চৌধুরী রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাকালীন সদস্য মরহুম ওবায়দুর রহমান চৌধুরীর সন্তান এবং ১৯৯৬ ও ২০০১ সালে (চট্টগ্রাম-৭) রাঙ্গুনিয়া আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মরহুম এম. সাদেক চৌধুরীর বড়ভাই ও রাঙ্গুনিয়া উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মো. সাইফুল্লাহ চৌধুরীর পিতা।
বীর মুক্তিযোদ্ধা মাষ্টার ওমর চৌধুরীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী, বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।
মুক্তিযোদ্ধা ও প্রবীণ এই আওয়ামী লীগ নেতার মৃত্যুর সংবাদে শোকাহত তথ্যমন্ত্রী প্রয়াতের আত্মার শান্তিকামনা করেন এবং তার শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ তাঁর শোকবার্তায় বলেন, বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের চেতনাকে আজীবন ধারণকারী বীর মুক্তিযোদ্ধা ওমর চৌধুরী জনহিতকর কাজে নিজেকে ব্যাপৃত রেখেছিলেন এবং এলাকাবাসীর সেবায় আত্মনিয়োগের এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে রয়েছেন।
রাহাদ চৌধুরী, রাঙ্গুনিয়া প্রতিনিধি।। 





































