
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে যশোর পুলিশ লাইনসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে জেলা পুলিশের আয়োজনে এই কর্মসূচি পালিত হয়।
এতে প্রধান অতিথির বক্তব্যে খুলনা রেঞ্জের ডিআইজি মঈনুল হক বলেন, শেখ মুজিব শুধু একজন ব্যক্তি না তিনি আদর্শ, চেতনা ও জীবনাচরণের আরেক নাম। তিনি দেখিয়েছেন কীভাবে মানুষকে ভালোবেসে অসাধ্য সাধন করা যায়। দেশ বিরোধীদের চক্রান্তে স্বাধীনতার ফসল তোলার আগেই তার জীবন স্তিমিত করে দেয়া হয়েছিল।
তিনি বলেন, জাতির পিতার কন্যা সব হারিয়ে এ দেশের মানুষকে স্বজন ভেবে শোককে শক্তিতে পরিণত করেন। বাঙালি জাতির জন্য সৃষ্টি করেন নতুন এক দর্শন। সেই দর্শনে মানবিকতা ও উন্নয়নের নতুন দ্বার উন্মোচন করেছেন তিনি। যে দর্শন উন্নয়নের মহীসোপানে নিয়ে যাচ্ছে দেশকে। সেই অদম্য অগ্রযাত্রা থামানোর সাধ্য কারো নেই। যারা উন্নয়ন অগ্রগতি বাধাগ্রস্তের অপচেষ্টা চালাবেন তাদের কঠোর হাতে দমন করা হবে।
যশোরের পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার। সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম মিলন, জেলা পরিষদের চেয়ারম্যান সাইফুজ্জামান পিকুল, সিভিল সার্জন বিপ্লব কান্তি বিশ্বাস, যশোর পৌরসভার মেয়র বীরমুক্তিযোদ্ধা মেয়র হায়দার গনি খান পলাশ, সরকারি মাইকেল মধুসূদন কলেজের অধ্যক্ষ মর্জিনা আক্তার, যুদ্ধাহত বীরমুক্তিযোদ্ধা এ এইচ এম মযহারুল ইসলাম মন্টু ও ডা. আব্দুর রাজ্জাক মিউনিসিপ্যাল কলেজের অধ্যক্ষ ও যশোর পুলিশিং কমিটির সভাপতি জে এম ইকবাল হোসেন।
স্বাগত বক্তৃতা করেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম। সভা সঞ্চালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার বেলাল হোসাইন।
এ সময় উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধকালীন বৃহত্তর যশোরের মুজিব বাহিনী প্রধান বীরমুক্তিযোদ্ধা আলী হোসেন মনি, নড়াইল পুলিশ সুপার সাদিরা খাতুন, সাতক্ষীরা পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান, যশোর পিবিআই এসপি রেশমা শারমিন, আজিম-উল-আহসান, মাগুরা পুলিশ সুপার মশিউদ্দৌলা রেজা, যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) ফিরোজ কবির, অতিরিক্ত পুলিশ সুপার মুকিত সরকার, ডিআইও -১ (ডিএসবি) মামুন খান প্রমুখ।
আলোচনা সভা শুরু আগের ১৫ আগস্টে শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। এরপর বঙ্গবন্ধুর কর্মময় জীবন নিয়ে নির্মিত প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয়। অনুষ্ঠানের যশোরের বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।
যশোর অফিস ।। 





































