
শান্তি ও উন্নয়নের পক্ষে আবারও নৌকায় ভোট দিতে আহ্বান জানিয়েছেন ঢাকা-৩ আসনের সংসদ সদস্য এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।
বুধবার (৬ সেপ্টেম্বর) দক্ষিণ কেরানীগঞ্জ থানার তেঘরিয়া ইউনিয়নের আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের কর্মী সমাবেশে এ আহ্বান জানান তিনি।
এসময় কেরানীগঞ্জের তেঘরিয়া ইউনিয়নের কিছু উন্নয়নের চিত্র তুলে ধরে মন্ত্রী বলেন, ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০০ একরের বেশি জায়গায় দৃষ্টিনন্দন ক্যাম্পাস হবে এখানে। চার লেনের তিনটি রাস্তা হচ্ছে এখানে। এছাড়া, ঢাকা কেন্দ্রীয় কারাগারসহ আরও অসংখ্য উন্নয়ন হয়েছে এখানে। প্রত্যেকটি গ্রামীণ রাস্তাঘাট এখন উন্নত হয়েছে। আগে যে রাস্তাগুলো মানুষ চলাচলের অনুপোযোগী ছিল এখন সেগুলো মানুষ চলাচল নির্বিঘ্ন হয়েছে।
জবি ক্যাম্পাস এলাকা সন্ত্রাসের কলঙ্কমুক্ত হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘এই এলাকায় যে সন্ত্রাসের রাজত্ব, জনপদ বলে পরিচিত ছিল তা গত ১৫ বছরে কলঙ্কমুক্ত হয়েছে। মানুষ এখন শান্তিতে আছেন। তাই মানুষ শান্তি ও উন্নয়নের পক্ষে আবারও নৌকা মার্কায় ভোট দেবে।’
ওই কর্মী সভায় দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি ও কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহিন আহমেদ, দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ম. ই. মামুনসহ স্থানীয় আওয়ামী লীগের অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।
ঢাকা ব্যুরো।। 







































