
পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, মানুষের টাকা ৩০ থেকে ৪০ বছর আগের তুলনায় ২ থেকে ৪ গুণ বেড়েছে যাওয়ায় অনেক ক্ষেত্রে দুর্নীতির মাত্রা আগের তুলনায় বেড়েছে।
গতকাল রবিবার (১০ সেপ্টেম্বর) জাতীয় সংসদে বাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট অথরিটি বিল-২০২৩ পাসের আলোচনায় দুনীতি প্রসঙ্গে বিরোধী দলের সংসদ সদস্যদের বক্তব্যের পর পরিকল্পনামন্ত্রী তার বক্তব্যে এ কথা বলেন। এর আগে বিলের আলোচনায় অংশ নিয়ে গণফোরাম ও জাতীয় পার্টির একাধিক সংসদ সদস্য বিভিন্ন প্রকল্পে দুর্নীতির অভিযোগ করেন।
এসময় পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, একটি বিষয়ে তারা (আলোচনায় অংশ নেয়া সংসদ সদস্য) সবাই একমত, আমিও তাদের সঙ্গে একমত। সারাদেশের সর্বত্র, অনেকক্ষেত্রে দুর্নীতির মাত্রা পূর্বের তুলনায় আনুপাতিক হারে বেড়েছে। যে পরিমাণ পাবলিক মানি ৩০-৪০ বছর আগে ব্যয় হতো, তার তুলনায় ২, ৩, ৪ গুণ বেশি ব্যয় হচ্ছে। ফলে সুযোগ-সুবিধা, চুরির সুযোগ-সুবিধা বেড়েছে আমি বলবো। এটা জাতীয় সমস্যা। আইন-কানুন পাশ করে, বর্তমান প্রযুক্তি ব্যবহার করে জনমত তৈরি করে, জনগণের কাছে স্বচ্ছতা তুলে ধরে প্রচার করি, নিয়ে যায় এর পরিমাণ ক্রমান্বয়ে কমে আসবে।
এম এ মান্নান বলেন, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকার প্রকল্প আমার মন্ত্রণালয়ের মাধ্যমে পাস হয়ে যায়। এগুলোর জন্য এক সময় ক্রয়ে যেতে হয়। অতীতের যে সিপিটিইউ ছিলো সেটা বর্তমান সময়ে ভলিউমের সঙ্গে সক্ষমতার দেখাতে পারছে না। তাদের জনবল, যন্ত্রপাতির অভাব, অনেকক্ষেত্রে তাদের অভিজ্ঞতার অভাব। সেই সমস্যার সমাধানে বিলটা আনা হয়েছে। কোন টেন্ডার আমি মন্ত্রী বা সিপিটিইউ ডিজি পাশ করতে পারি না। কয়েকটি প্রক্রিয়ার মাধ্যমে বাছাই করে ফাইনালে যায়। এরপরও যদি সংশয়বোধ থাকে, সেই ভূতে ভয় না পেয়ে আমাদের একটানা প্রচেষ্টা চালিয়ে যেতে হবে।
ঢাকা ব্যুরো।। 






































