
৩০ বছর পর গণফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি ড. কামাল হোসেন দলটির আনুষ্ঠানিক দায়িত্ব থেকে অব্যাহতি নিলেন। তিনি এখন থেকে গণফোরামের ইমেরিটাস সভাপতি হিসেবে থাকবেন।
শুক্রবার (২৭ অক্টোবর) বিকালে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে গণফোরামের বিশেষ জাতীয় কাউন্সিলে এ ঘোষণা দেওয়া হয়। অনুষ্ঠানে ড. কামাল হোসেনের লিখিত বক্তব্য পড়ে শোনান দলটির নেতা নুরুজ্জামান।
তিনি বলেন, ব্যক্তিগত অবস্থান থেকে দেশ ও জাতির জন্য সাধ্য মোতাবেক অবদান রাখার চেষ্টা করব। দলের প্রতি সহযোগিতা ও পরামর্শ সব সময়ই থাকবে।
গণফোরামের কাউন্সিলে দলের নতুন সভাপতি করা হয় মফিজুল ইসলাম খানকে। সাধারণ সম্পাদক হিসেবে আবার দায়িত্ব পান মো. মিজানুর রহমান। বিশেষ এই কাউন্সিলে দলের গঠনতন্ত্র সংশোধন করে ইমেরিটাস সভাপতি পদ সৃষ্টি করা হয়, সহযোগী সংগঠন করার সুযোগ তৈরি করা হয় এবং ১০ সদস্যের উপদেষ্টা কমিটির বিধান যোগ করা হয়।
ড. কামাল হোসেনের সভাপতিত্বে কাউন্সিলে আরও উপস্থিত ছিলেন সভাপতিমণ্ডলীর সদস্য এস এম আলতাফ হোসেন, মুস্তাক আহমেদ, আবদুল্লাহ আল মামুন, সুরাইয়া বেগম প্রমুখ।
ঢাকা ব্যুরো।। 







































