
আগামী দ্বাদশ জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচন কমিশনের (ইসি) ডাকা সংলাপে যাবে না বলে সাফ জানিয়ে দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। সেই সঙ্গে বর্তমান কমিশন বাতিলের দাবিতে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দিয়েছে দলটি।
রাজধানীর পল্টনে ইসলামী আন্দোলন বাংলাদেশের দলীয় কার্যালয়ে বৃহস্পতিবার দুপুরে এক সংবাদ সম্মেলনে দলটির সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেন, বিএনপি মহাসচিবসহ বিরোধী নেতাদের কারারুদ্ধ করে কমিশন কার সঙ্গে সংলাপ করবে? বর্তমান কমিশন সাধারণ মানুষের মৃত্যু কামনা করে বলেও মন্তব্য করেন ফয়জুল করীম।
সংসদ ভেঙে জাতীয় সরকারের অধীনে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবিতে আগামীকাল সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশ করবে ইসলামী আন্দোলন।
এ বিষয়ে ফয়জুল করীম বলেন, শুক্রবারের মহাসমাবেশ থেকে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে। এই মহাসমাবেশ কোনো দলের নয়, এটি জনগণের। সোহরাওয়ার্দী উদ্যানে সর্বকালের সর্ববৃহৎ মহাসমাবেশ হবে বলে আশা ব্যক্ত করেন তিনি।
পুলিশের উদ্দেশ্যে তিনি বলেন, যারা রাষ্ট্রের দায়িত্ব আছেন তাদের কাজ হলো জনগণের নিরাপত্তা দেওয়া। তাই আমি রাষ্ট্রপক্ষের সবাইকে বলব জনগণের বন্ধু কোনো দলের নয়, জনগণকে ভালোবাসেন কোনো দলকে নয়।
সংবাদ সম্মেলনে ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ, প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন, অধ্যাপক মাহবুবুর রহমান, সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, যুগ্ম মহাসচিব ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, সহকারী মহাসচিব মাওলানা ইমতিয়াজ আলম, সাংগঠনিক সম্পাদক কে এম আতিকুর রহমান, প্রচার সম্পাদক মাওলানা আহমদ আবদুল কাইয়ুম, ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যাপক সৈয়দ বেলায়েত হোসেন, চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক মাওলানা দেলোয়ার হোসেন সাকী ও মিডিয়া সমন্বয়ক শহিদুল ইসলাম কবির প্রমূখ।
বার্তাকণ্ঠ ডেস্ক 







































