
অষ্টম ধাপের অবরোধ সমর্থনে রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্ষোভ মিছিল ও পিকেটিং করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বুধবার সকালে পৃথকভাবে এই কর্মসূচি পালন করেন ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ জামায়াতের নেতাকর্মীরা। মিছিল হয়েছে শনিরআখড়া, পান্থপথ, উত্তরা, বাড্ডা, মোহাম্মদপুর, পল্লবীসহ বিভিন্ন এলাকায়।
এ সময় আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য মাওলানা আবু ফাহিম, মহানগরী মজলিশে শুরা সদস্য ও খিলগাঁও জোনের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আমিন, মহানগরী মজলিশে শুরা সদস্য আব্দুর রহমান সাজু, আসিফ আদনান, মাওলানা মাহমুদুর রহমান, মোহাম্মদ আলী, সাজিদুর রহমান শিবলী, আবু মুয়াজ, জামায়াত নেতা অ্যাডভোকেট এসএম খোকন, খোরশেদ আলম মজুমদার, ছাত্রনেতা তাজুল ইসলাম প্রমুখ।
উত্তরায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য মুহাম্মদ জামাল উদ্দীন বলেছেন, সরকার নির্বাচনের নামে নামসর্বস্ব দল ও রাজনৈতিক এতিমদের সঙ্গে পিঠা ভাগাভাগির আয়োজন করে রাষ্ট্রীয় ক্ষমতা আবারও কুক্ষীগত করার নতুন ষড়যন্ত্র শুরু করেছে। কিন্তু জনগণ তাদের সে পরিকল্পনা কোনোভাবেই বাস্তবায়িত হতে দেবে না। তিনি নির্বাচন নিয়ে ইঁদুর-বিড়াল না খেলে সরকারকে অবিলম্বে পদত্যাগ ও কেয়ারটেকার সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের আহ্বান জানান। অন্যথায় আগামী দিনে রাজপথ আরও অগ্নিগর্ভ হয়ে উঠবে।
এর আগে বিক্ষোভ মিছিলটি উত্তরা আব্দুল্লাহপুর বেড়িবাঁধ থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পথসভার মাধ্যমে শেষ হয়। পথসভায় উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী উত্তরের শুরা সদস্য মাওলানা এমএ আলম, আবু মুসয়াব, আবু সাদিক, শ্রমিক নেতা আবদুল হালিম, আবু বকর সিদ্দিক, ছাত্রনেতা জুলকারনাইন ও রাকিবউদ্দীন প্রমুখ।
ঢাকা ব্যুরো।। 







































