
সরকারের পদত্যাগ ও নির্বাচনী তফসিল বাতিলের দাবিতে বিএনপিসহ সমমনা রাজনৈতিক দল ও জোট এবং জামায়াতে ইসলামীর ডাকে ফের ৪৮ ঘণ্টার অবরোধ শুরু হচ্ছে আজ। দশম দফার এ অবরোধ আজ বুধবার ভোর ৬টা থেকে চলবে শুক্রবার ভোর ৬টা পর্যন্ত। দলগুলো দেশব্যাপী সড়ক-রেল-নৌপথসহ সর্বাত্মক অবরোধ কর্মসূচির ডাক দিয়েছে। তবে সংবাদপত্র, অক্সিজেন সিলিন্ডার, জরুরি ওষুধ বহনকারী গাড়ি ও অ্যাম্বুলেন্স এ অবরোধের আওতামুক্ত থাকবে।
গত ২৮ অক্টোবর রাজধানীর নয়াপল্টনে পুলিশের সঙ্গে সংঘর্ষে বিএনপির মহাসমাবেশ প- হয়ে যাওয়ার
পরের দিন হরতাল ডাকে দলটি। এরপর বিএনপির অধিকাংশ জ্যেষ্ঠ নেতা গ্রেপ্তার হন, বাকিরা গ্রেপ্তার এড়াতে আত্মগোপনে চলে যান। ২৮ অক্টোবরের পর এ পর্যন্ত ১৮ দিন অবরোধ এবং ৪ দিন হরতাল করেছে বিএনপিসহ সমমনা দল ও জামায়াতে ইসলামী। অবরোধ সমর্থনে রাজধানী ঢাকায় গতকাল সন্ধ্যায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে মশাল মিছিল হয়েছে। এতে দলটির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলামসহ অর্ধশতাধিক নেতাকর্মী অংশ নেন।
আজ থেকে শুরু হওয়া অবরোধ কর্মসূচি প্রসঙ্গে গতকাল রুহুল কবির রিজভী বলেন, গণতন্ত্র ফেরানোর আন্দোলন চলছে। ৪৮ ঘণ্টার অবরোধ শুরু হবে বুধবার (আজ) সকাল ৬টা থেকে, চলবে শুক্রবার সকাল ৬টা পর্যন্ত। এই অবরোধ কর্মসূচিতে বিএনপি ও সমমনা দলগুলোর সর্বস্তরের নেতাকর্মী রাস্তায় থাকবেন। জনগণ এই অবরোধ কর্মসূচিকে সমর্থন দিয়েছে। আমরা জনগণের সমর্থনে বিশ্বাস করি, আমরা জনগণের শক্তিতে বিশ্বাসী। আমাদের একমাত্র অবলম্বন হচ্ছে জনগণ। আমরা বিদেশি শক্তির ওপর নির্ভর করি না, একে-ওকে বকাঝকা এগুলো করি না। আমরা জনগণের শক্তির ওপর নির্ভর করে এই আন্দোলন-সংগ্রাম করছি। আমি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে সবাইকে আগামী ৪৮ ঘণ্টা অবরোধ কর্মসূচি সফল করার আহ্বান জানাচ্ছি।
তিনি আরও বলেন, আর জনগণ যাদের পক্ষে থাকে, জনশক্তি যাদের সঙ্গে থাকে, তারা কোনোদিন পরাজিত হয় না। হয়তো সাময়িকভাবে আমরা উৎপীড়িত, আমরা নির্যাতিত, আমরা নিপীড়িত। কিন্তু নিপীড়ন-নির্যাতনের সমস্ত আঘাত একদিন প্রতিঘাত হিসেবে এই অত্যাচারী শাসকগোষ্ঠীর বিরুদ্ধে ?ঘুরে দাঁড়াবে, প্রত্যাঘাত করবে এবং গণতন্ত্রের বিজয় হবে।
জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম এক বিবৃতিতে বলেন, ‘আমি জামায়াতে ইসলামীর পক্ষ থেকে সারাদেশে ৬ ডিসেম্বর বুধবার ভোর ৬টা থেকে ৮ ডিসেম্বর শুক্রবার ভোর ৬টা পর্যন্ত টানা ৪৮ ঘণ্টা শান্তিপূর্ণ অবরোধ কর্মসূচি শান্তিপূর্ণভাবে সফল করে আন্দোলনকে চূড়ান্ত লক্ষ্যে নিয়ে যাওয়ার জন্য দলের সর্বস্তরের নেতাকর্মী এবং দেশবাসীর প্রতি আহ্বান জানাচ্ছি।
পৃথক বিবৃতিতে গণতন্ত্র মঞ্চ, ১২ দলীয় জোট, জাতীয়তাবাদী সমমনা জোট, এলডিপি, নুরুল হক নুরের নেতৃত্বাধীন গণঅধিকার পরিষদ, ড. রেজা কিবরিয়ার নেতৃত্বাধীন গণঅধিকার পরিষদ, গণফোরাম (মন্টু), পিপলস পার্টি, বাংলাদেশ লেবার পার্টিসহ আরও বেশ কয়েকটি রাজনৈতিক দল আজ বুধবার থেকে শুরু হওয়া ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি সফল করার আহ্বান জানিয়েছে। সরকারের পদত্যাগ ও প্রহসনের নির্বাচন বাতিলের দাবিতে ‘শতকণ্ঠে প্রতিবাদ’ শিরোনামে আজ বুধবার বেলা ৩টায় বিজয় চত্বর হোটেল ৭১ বিজয়নগরের সামনে সমাবেশ করবে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)।
ঢাকা ব্যুরো।। 







































