
বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেছেন, ‘ভাগাভাগির নির্বাচনে আওয়ামী লীগ খান খান হয়ে যাবে। তারা ভাগাভাগি করে নিজেরা নিজেরা নির্বাচন নির্বাচন খেলা করবে, নিজেরা নিজেরা মারামারি করে শেষ হয়ে যাবে। এসব করে কোনো লাভ হবে না, সরকার পার পাবে না।’
আজ শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এক আলোচনাসভায় তিনি এ কথা বলেন। বিজয় দিবস উপলক্ষে গণঅধিকার পরিষদের (রেজা কিবরিয়া) উদ্যোগে এ আলোচনাসভায় আয়োজন করা হয়। সেখানে অতিথি হয়ে এসেছিলেন বিএনপি নেতা মাহবুব।
মাহবুব উদ্দিন খোকন বলেন, ‘১৫ বছর এভাবে নির্বাচন প্রক্রিয়াকে তারা ধ্বংস করে একতরফা সাজানো নির্বাচন করেছে। এবার তারা একতরফা ভাগাভাগির নির্বাচনের পথে হাঁটছে। জনসমর্থন ‘না থাকায়’ ক্ষমতাসীন দল আওয়ামী লীগ ‘অবাধ ও সুষ্ঠু’ নির্বাচনের মুখোমুখি হতে চায় না। প্রতিদিন গণমাধ্যমে ভাগ-বাটোয়ারার খবর প্রকাশ হচ্ছে। কতটা দেউলিয়া হলে আওয়ামী লীগের মত একটি প্রাচীন রাজনৈতিক দল আজকে এই ধরনের ভাগাভাগি নির্বাচনের নীলনকশা ধরে এগোচ্ছে।’
কৌশল করে টিকে থাকা যাবে না মন্তব্য করে বিএনপির এই নেতা বলেন, ‘যত কৌশল করুক না কেন, আওয়ামী লীগ সরকারকে চলে যেতে হবে। এই আন্দোলন জনগণের আন্দোলন; বিএনপির আন্দোলন নয়, গণঅধিকার পরিষদের আন্দোলন নয় বা কোনো রাজনৈতিক দলের একক আন্দোলন নয়। এটা ভোটাধিকার ফিরে পাবার আন্দোলন।’
তিনি বলেন, ‘৭ জানুয়ারি নির্বাচন নিয়ে জনগণের মধ্যে কোনো উৎসাহ নেই। এই নির্বাচন করে তারা শেষ রক্ষা পাবেন না। জনগণের বিরুদ্ধে গিয়ে কোনো স্বৈরাচারই টিকতে পারেনি, শেখ হাসিনাও টিকতে পারবে না।’
আলোচনাসভায় বক্তব্য দেন জাতীয় পার্টির (কাজী জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার, গণঅধিকার পরিষদের (রেজা কিবরিয়া) ভারপ্রাপ্ত সদস্য সচিব ফারুক হাসান, ন্যাশনাল ডেমোক্রেটিক মুভমেন্টের ববি হাজ্জাজ, এবি পার্টির মজিবুর রহমান মঞ্জু, গণফোরাম নেতা অ্যাডভোকেট মহসিন রশিদ।
ঢাকা ব্যুরো।। 







































