
জেলার জীবননগরে অভিযান চালিয়ে পাঁচ কেজি ওজনের ২৩ পিস সোনার বারসহ দুই পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। যার আনুমানিক মূল্য চার কোটি ৯০ লাখ ৮৭ হাজার ৫২০ টাকা।
মঙ্গলবার (২৬ ডিসেম্বর) ঝিনাইদহের মহেশপুর ৫৮ বিজিবির পরিচালক লে. কর্নেল মাসুদ পারভেজ রানা এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন।
গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভারতে সোনা চোরাচালানের গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে উথলী এলাকায় অভিযান চালায় বিজিবি।
এ সময় দুই জন সন্দেহভাজন ব্যক্তি ইজিবাইকযোগে উথলী থেকে সীমান্তের দিকে যাওয়ার সময় তাদের আটক করা হয়। ইজিবাইকটি তল্লাশি করে উদ্ধার করা হয় ২৩ পিস সোনার বার। যার ওজন পাঁচ কেজি ১৯৭ দশমিক ৯৭ গ্রাম।
আটককৃতরা হলেন, দর্শনা পৌর এলাকার দক্ষিণ চাঁদপুর গ্রামের পিন্টু বিশ্বাস (৫০) ও ঈশ্বরচন্দ্রপুর গ্রামের আসাদুল হকের ছেলে সিয়াস হোসেন (২১)।
মহেশপুর ৫৮ বিজিবির পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মাসুদ পারভেজ রানা বলেন, সোনার বারগুলো শুল্ক কর ফাঁকি দিয়ে ভারতে পাচার করা হচ্ছিল। আটককৃতদের বিরুদ্ধে জীবননগর থানায় মামলা দায়ের করা হয়েছে। সোনার বারগুলো চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা দেয়া হবে।
চুয়াডাঙ্গা প্রতিনিধি।। 







































