
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন শেষে কিছুদিন মাঠের রাজনীতিতে সক্রিয় থাকার পর দুই সপ্তাহের বিরতি দিয়ে নতুন কর্মসূচিতে ফিরেছে বিএনপি। রমজানের আগে নিত্যপণ্যসহ বিদ্যুৎ, গ্যাস, জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে রাজধানীসহ সারা দেশে লিফলেট বিতরণ ও গণসংযোগ করবে দলটি।
শনিবার (৯ মার্চ) এ কর্মসূচি পালন করা হবে বলে বুধবার (৬ মার্চ) ঘোষণা দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘বিদ্যুৎ, গ্যাস, জ্বালানি ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে ৯ মার্চ ঢাকা মহানগরীসহ দেশব্যাপী বিএনপির উদ্যোগে লিফলেট বিতরণ ও গণসংযোগ করা হবে।’
সরকার পতনের এক দফা দাবিতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় বেশ সক্রিয় দেখা যায় বিএনপিকে। ২৮ অক্টোবর ঢাকায় সংঘর্ষের মধ্য দিয়ে মহাসমাবেশ পণ্ড হয়ে যাওয়ার পর একের পর এক হরতাল-অবরোধের মতো কর্মসূচি পালন করে তারা। তাদের ডাকা হরতালের মধ্যে ৭ জানুয়ারি অনুষ্ঠিত হয় নির্বাচনের ভোটগ্রহণ। এরপর এক দফা আদায়ে সরকারের পতন ও নির্বাচন বাতিলের দাবিতে নতুন কর্মসূচি দেওয়া শুরু করে দলটি।
সবশেষ ১৩ থেকে ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত তিন ধাপে ছয় দিনের কর্মসূচি পালন করে দলটি। এর মধ্যে ছিল ১৩ ও ১৪ ফেব্রুয়ারি ঢাকাসহ দেশের সব মহানগরে গণসংযোগ ও লিফলেট বিতরণ; ১৬ ফেব্রুয়ারি বাদ জুমা দেশের সব মসজিদে দোয়া মাহফিল; ১৭ ফেব্রুয়ারি সব জেলা শহরে এবং ১৮ ও ১৯ ফেব্রুয়ারি সব উপজেলা, থানা, পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ে গণসংযোগ ও লিফলেট বিতরণ।
গত মাসের কর্মসূচির পর মাঠের রাজনীতিতে দুই সপ্তাহের বেশি নিষ্ক্রিয় ছিল বিএনপি। নতুন কর্মসূচি দেওয়ার ব্যাপারে সোমবর রাতে দলটির স্থায়ী কমিটির সভায় সিদ্ধান্ত হয় বলে বিএনপিসূত্র নিশ্চিত করেছেন।
ঢাকা ব্যুরো।। 







































