
নন্দিত ব্যান্ডশিল্পী খালিদ আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার (১৮ মার্চ) রাত ৭টা ১৫ মিনিটের দিকে রাজধানীর গ্রিনরোডের কমফোর্ট হাসপাতালে মারা যান তিনি।
খালিদের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন ব্যান্ডশিল্পী ঈশা খান।তার মৃত্যুতে শোকের ছায়া নেমেছে সংগীতসহ শোবিজের নানা অঙ্গনে।
‘সরলতার প্রতিমা’, ‘যতটা মেঘ হলে বৃষ্টি নামে’, ‘কোনো কারণেই ফেরানো গেল না তাকে’, ‘হয়নি যাবারও বেলা’, ‘যদি হিমালয় হয়ে দুঃখ আসে’, ‘তুমি নেই তাই’—এ রকম অসংখ্য জনপ্রিয় গানের শিল্পী খালিদ।
দীর্ঘসময়ের মিউজিক ক্যারিয়ারে খুব বেশি গান করেননি এই শিল্পী। অন্য শিল্পীদের তুলনায় কম গান করলেও খালিদের গাওয়া প্রতিটি গানই পেয়েছে জনপ্রিয়তা। এ ছাড়া গত কয়েক দশকে যেসব শিল্পী মিউজিক ইন্ডাস্ট্রিতে সুনাম কুড়িয়ে নিজেদের খ্যাতি ধরে রেখেছেন, তার মধ্যে তিনি অন্যতম।
অনেক দিন ধরে আড়ালে ছিলেন এই গায়ক। তার পরিবার বর্তমানে নিউইয়র্কে বসবাস করছে। সেখানে তার ছেলে একটা স্কুলে পড়ছে। মাঝেমধ্যে তিনি দেশে আসতেন। এ যাত্রায় এসে আর পরিবারের কাছে ফেরা হলো না তার।
বিনোদন ডেস্ক 







































