
কক্সবাজার সদর উপজেলার ভারুয়াখালীতে অপহৃত এক এনজিও কর্মিকে উদ্ধার করতে গিয়ে র্যাবের সঙ্গে সন্ত্রাসীদের গোলাগুলিতে এক কৃষক নিহত হয়েছেন। এ ঘটনায় র্যাবের এক সদস্যসহ তিনজন আহত হয়েছে। এ সময় অভিযান চালিয়ে সন্ত্রাসী বাহিনীর প্রধান মোহাম্মদ ফরহাদ ওরফে শেরে ফরহাদকে একটি বিদেশি আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার করেছে র্যাব।
সোমবার (২৯ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কক্সবাজার সদর উপজেলার ভারুয়াখালী ইউনিয়নের মুরাপাড়ায় এ ঘটনা ঘটে।
র্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন প্রতিদিনের বাংলাদেশকে এ তথ্য নিশ্চিত করেছেন। নিহত মোহাম্মদ বায়াতুল্লাহ ভারুয়াখালী ইউনিয়নের চৌধুরী পাড়ার মৃত ছৈয়দুল হকের ছেলে। তিনি পেশায় কৃষক।
আহতরা হলেন, র্যাবের সহকারি উপ-পরিদর্শক (এএসআই) মোহাম্মদ সরওয়ার, ভারুয়াখালী ইউনিয়নের চৌধুরী পাড়ার আব্দুর রশিদের ছেলে শফি উল্লাহ ও একই এলাকার বদরুল হক মিয়ার ছেলে মো. সায়মান।
গ্রেপ্তার মোহাম্মদ ফরহাদ ওরফে শেরে ফরহাদ ভারুয়াখালী ইউনিয়নের ঘোনার পাড়ার মৃত সিরাজুল হকের ছেলে। তার নেতৃত্বে ভারুয়াখালীতে একটি সন্ত্রাসী বাহিনী রয়েছে। তার বিরুদ্ধে খুন, অপহরণ, ডাকাতি, চাঁদাবাজি ও জবরদখলসহ নানা অভিযোগে ৭টির বেশি মামলা রয়েছে।
অপহৃত ওই এনজিও কর্মির নাম মো. মাসুদ চৌধুরী। তিনি বেসরকারি সংস্থা প্রত্যাশীর ঈদগাঁও শাখার মাঠ কর্মকর্তা হিসেবে কর্মরত।
সাজ্জাদ হোসেন বলেন, সোমবার বিকালে ভারুয়াখালী ইউনিয়নের মুরাপাড়ায় এনজিও কর্মকর্তা মাসুদ চৌধুরী ক্ষুদ্র ঋণের কিস্তির টাকা সংগ্রহ করতে যান। এসময় মোহাম্মদ ফরহাদের নেতৃত্বে ৫/৬ জনের একদল সন্ত্রাসী তাকে অস্ত্রের মুখে তুলে নিয়ে যায়। পরে তাকে মুরাপাড়া সংলগ্ন পাহাড়ি এলাকায় জিম্মি করে মুক্তিপণ দাবি করে। সন্ধ্যায় ঘটনাটি অবহিত হওয়ার পর র্যাবের একটি দল অপহৃত এনজিও কর্মকর্তাকে উদ্ধারে অভিযান চালায়। অভিযানে র্যাব সদস্যদের পাশাপাশি স্থানীয়রাও অংশগ্রহণ করে। এক পর্যায়ে পাহাড়ি এলাকায় সন্ত্রাসীদের গোপন আস্তানাটি ঘিরে ফেললে র্যাব সদস্যদের লক্ষ্য করে অতর্কিত গুলিবর্ষণ শুরু করে। আত্মরক্ষার্থে র্যাব সদস্যরাও পাল্টা-গুলি ছুড়ে।
র্যাবের এই কর্মকর্তা আরও বলেন, সন্ত্রাসীদের ছোড়া গুলিতে র্যাবের এক সদস্যসহ তিনজন আহত হন। পরে আহতদের উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন।
সাজ্জাদ হোসেন বলেন, গোলাগুলির ঘটনার খবরে র্যাবের অতিরিক্ত সদস্য ঘটনাস্থলে উপস্থিত হয়ে জড়িতদের গ্রেপ্তারে সাড়াশি অভিযান শুরু করে। একপর্যায়ে পাহাড়ি এলাকা থেকে গুলিবিদ্ধ অবস্থায় সন্ত্রাসী বাহিনীর প্রধান মোহাম্মদ ফরহাদকে একটি শর্টগানসহ গ্রেপ্তার করা হয়। সে এখন কক্সবাজার জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। পরে ঘটনাস্থল থেকে হাত বাধা অবস্থায় এনজিও কর্মকর্তা মাসুদ চৌধুরীকে উদ্ধার করা হয়।
তিনি বলেন, ঘটনায় জড়িত অপর সন্ত্রাসীদের গ্রেপ্তারে র্যাবের অভিযান অব্যাহত রয়েছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
কক্সবাজার প্রতিনিধি।। 






































